আজকের দিনেখেলাগ্রীন রুমভারত

Rohit Sharma : নতুন ইনিংস শুরু রোহিতের! ‘দ্যা রোহিত শর্মা শো’ নিয়ে আসছেন টিভির পর্দায় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ক্রিকেট মাঠ থেকে এবার টেলিভিশনের পর্দায়। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। সঞ্চালক হিসেবে দেখা যাবে হিটম্যানকে। অনুষ্ঠানের নাম ‘দ্যা রোহিত শর্মা শো’।

রোহিত আগেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। কিন্তু ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখতে নারাজ নির্বাচকরা। গত ইংল্যান্ড সফরে এ নিয়ে নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যও হয়েছিল। তার জবাবে শেষ ওয়ানডেতে ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।

ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে এবার বিনোদনের দুনিয়ায় পা রাখছেন ৩৯ বছরের এই তারকা। সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করবেন তিনি। শোটি সনি লিভ-এও দেখা যাবে।

গত মে মাসেই চ্যানেল কর্তৃপক্ষ রোহিতকে প্রস্তাব দেয়। প্রোমোর শুটিংও হয়ে গিয়েছে। প্রোমোতে রোহিতের ভাইরাল ডায়লগ ‘কেউ বাগানে ঘোরাঘুরি করবে না’ ব্যবহার করা হয়েছে। শুটিংয়ের ভিডিয়োতে দেখা গিয়েছে ক্যামেরার পজিশন থেকে শুরু করে সবকিছু খুঁটিয়ে বুঝে নিচ্ছেন রোহিত।

চ্যানেল কর্তৃপক্ষ রোহিতের এই অভিষেককে ‘সবচেয়ে বড় বিনোদনমূলক অভিষেক’ বলে দাবি করেছে। প্রোমোতে রোহিত বলেন, ‘‘আমার বলা দুটো বাক্য এত ভাইরাল হয়েছে। তা হলে ভাবুন, আমার শো সম্প্রচার হলে কী হবে।’’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর রোহিতও সেই পথেই হাঁটলেন। বিসিসিআই সভাপতি থাকাকালীন সৌরভও টিভি শো সঞ্চালনা করেছিলেন।

ক্রিকেটের পাশাপাশি এবার বিনোদনেও ছক্কা মারতে প্রস্তুত রোহিত। ‘দ্যা রোহিত শর্মা শো’ কবে আসবে তা এখনও জানা যায়নি। তবে এটা কি রোহিতের অবসরের ইঙ্গিত? জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *