আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : সতর্কতা জারি! গভীর নিম্নচাপে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, ২ জেলায় রেড অ্যালার্ট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সাবধান হয়ে যান। গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার বাংলা জুড়ে নামছে প্রবল বৃষ্টি। ভোর থেকেই শুরু বৃষ্টি। যত বেলা গড়াবে ততই বাড়বে দাপট। দক্ষিণবঙ্গের ২ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
আজ জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা।
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি আরও গভীর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল অতিক্রম করবে।

আগামীকাল শুক্রবারের আবহাওয়া:
শুক্রবার পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা।
হাওড়া, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। বাকি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি।

নিম্নচাপের জেরে আজ-কাল টানা বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা। নদীতীরবর্তী এলাকা এবং কাঁচা বাড়িতে থাকা মানুষদের বিশেষ সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *