এবার কলকাতার পুলিশ কমিশনারকে বিস্ফোরক চিঠি লিওনেল মেসির ম্যানেজমেন্ট টিমের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: গত ডিসেম্বর মাস থেকে ‘মেসি কাণ্ড’ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তথা ক্রীড়ামহল। ঘটনার তদন্তে যখন পুলিশ রীতিমতো ‘অ্যাকশন মোডে’, ঠিক তখনই এক নজিরবিহীন পদক্ষেপ নিল লিওনেল মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিম। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তার চরম অভাব এবং তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘অনভিপ্রেত আচরণ’ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে একটি বিস্ফোরক চিঠি পাঠাল এলএম১০-এর টিম।
যুবভারতীতে নিয়মভঙ্গের অভিযোগ, কাঠগড়ায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী
চিঠিতে মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্টেডিয়ামে মেসির উপস্থিতির সময় আগে থেকেই একটি কঠোর নিয়ম নির্ধারিত ছিল। সেই নিয়ম অনুযায়ী, মাঠের ভেতরে কোনো ভিআইপি বা বিশেষ অতিথি থাকতে পারবেন না; কেবল তিনজন অনুমোদিত ক্যামেরা অপারেটরের থাকার অনুমতি ছিল।
কিন্তু অভিযোগ, সমস্ত আন্তর্জাতিক প্রোটোকল ও নিয়ম ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠের ভেতরে ঢুকে পড়েন এবং এমন কিছু কাজ করেন যা নির্ধারিত কর্মসূচির অংশই ছিল না। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ছবি তোলার সময় তিনি বারবার মেসির অত্যন্ত কাছে যাওয়ার এবং তাঁর সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক যোগাযোগ করার চেষ্টা করেন। এমনকি মেসির কাঁধ ও কোমরে হাত রাখার মতো অস্বস্তিকর ঘটনাও ঘটে, যা একজন বিশ্বমানের তারকার ব্যক্তিগত পরিসরকে ক্ষুণ্ণ করেছে।
ভেঙে পড়েছিল নিরাপত্তা, বাতিল হয় অনুষ্ঠান
কেবল মন্ত্রীর আচরণই নয়, যুবভারতীর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মেসির টিম। চিঠিতে জানানো হয়েছে:
সংরক্ষিত বা ‘রেস্ট্রিক্টেড’ এলাকায় কোনো অনুমতি ছাড়াই বহু বহিরাগত মানুষ ঢুকে পড়েছিলেন। অনুমোদনহীন প্রায় ৪০ জন ফটোগ্রাফার ও ক্যামেরা অপারেটর সেখানে উপস্থিত ছিলেন। এর ফলে মাঠের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে।
এই চরম অব্যবস্থা ও নিরাপত্তার অভাবের কারণেই মেসির স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং বাধ্য হয়ে পূর্ব-পরিকল্পিত কিছু অনুষ্ঠান বাতিল করে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হয় মেসির টিম।
শতদ্রু দত্তের ফেসবুক পোস্ট ঘিরে হাসির রোল
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন লিওনেল মেসি। এলএম১০-এর এই বিশ্বরেকর্ড উদযাপনের মাঝেই সোশাল মিডিয়ায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র খোঁচা দিয়েছেন মেসির ভারত সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত।
ফেসবুকে তিনি লেখেন, ‘আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন।’ শতদ্রুর এই পোস্টে ইতিমধ্যেই নেটপাড়ায় হাসির রোল উঠেছে। আর সেই রেশ কাটতে না কাটতেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে মেসির টিমের এই আইনি চিঠি পৌঁছানোয় অরূপ বিশ্বাস তথা তৎকালীন প্রশাসনের অস্বস্তি যে কয়েক গুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই চিঠির পর কলকাতা পুলিশ কী পদক্ষেপ নেয়।
