মহিলাদের বিনামূল্যে বাস: ২৫% যাত্রী বাড়তেই ১৪ রুটে বাস বাড়ানোর সিদ্ধান্ত
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: – রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু হওয়ার পর হু হু করে বাড়ছে যাত্রী। ভিড় সামলাতে কলকাতার ১৪টি রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর।
রাজ্য পরিবহণ দপ্তরের সমীক্ষায় উঠে এসেছে, বিনামূল্যে পরিষেবা চালুর পর রুট-পিছু যাত্রী বেড়েছে ২২ থেকে ২৫ শতাংশ। কোনও কোনও রুটে অফিস টাইম তো দূর, অন্য সময়েও পা রাখার জায়গা থাকছে না। যাত্রী দুর্ভোগ কমাতে তাই ১৪টি রুটে অতিরিক্ত বাস নামানো হচ্ছে।
পরিবহন দপ্তর সূত্রে খবর, উল্টোডাঙা-ইকো স্পেস (নিউ টাউন), ইকো পার্ক-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-সেক্টর ফাইভ, যাদবপুর-করুণাময়ী, রথতলা-হাওড়া স্টেশন, উল্টোডাঙা-রুবি, হাওড়া স্টেশন-গড়িয়া, হাওড়া স্টেশন-বিমানবন্দর, রুবি-হাওড়া সহ আরও ৫টি রুট।
বর্তমানে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগমের আওতায় ৩৬৮টি রুটে ১ হাজার ৭৮৩টি সরকারি বাস চলছে। ছ’মাসের মধ্যে আরও ৫০টি ইলেকট্রিক বাস নামবে। ধাপে ধাপে বাড়বে সরকারি বাসের সংখ্যা।
এদিকে দপ্তরের কাছে অভিযোগ জমা পড়েছে, টিকিট না কাটার কারণে স্টপে মহিলা যাত্রীদের দেখেও বাস থামাচ্ছেন না চালক-কন্ডাক্টরদের একাংশ। পরিবহণ দপ্তর স্পষ্ট জানিয়েছে, এমন অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দপ্তরের আধিকারিকদের কথায়, এই মানসিকতা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’।
বিনামূল্যে বাস পরিষেবা মহিলাদের যাতায়াত সহজ করলেও, অতিরিক্ত ভিড় নতুন সমস্যা তৈরি করেছে। ১৪টি রুটে বাস বাড়লে ভিড় ও অপেক্ষার সময় কমবে বলে আশা দপ্তরের। পাশাপাশি পরিষেবার মান ধরে রাখতে কড়া নজরদারির কথাও বলা হয়েছে।
