আজকের দিনেতিলোত্তমা

‘বিদ্রোহী’ শিবিরে মমতার ‘ডান হাত’? ঋতব্রতর ঘরে ফিরহাদ, সঙ্গে সন্দীপন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- দিল্লিতে সংসদীয় দল ভাঙনের মুখে। এবার কলকাতাতেও জল্পনা তুঙ্গে। সোমবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ‘ডান হাত’ ফিরহাদ হাকিমকে। সঙ্গে ছিলেন ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহা। কী আলোচনা হল, তা এখনও অজানা।

তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতার ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত। টানা ৮ বছর কলকাতার মেয়র থাকার পর গত শুক্রবার পদ ছাড়েন তিনি। পদত্যাগের পর বলেন, “ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার”। ওই দিনই কালীঘাটে মমতার বাড়ির বৈঠকে যোগ দেন ফিরহাদ। এতদিন তাঁর গলায় ‘বিদ্রোহী’ সুর শোনা যায়নি। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের খারাপ ফলের মাঝেও নিজে জিতে বিধায়ক হন। তবে মাত্র তিনদিনের মাথায় সোমবার দুপুরে বিধানসভায় সন্দীপন সাহার সঙ্গে ঋতব্রতর ঘরে যেতে দেখা যায় তাঁকে। দু’জনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। ফিরহাদ বা ঋতব্রত কেউই মুখ খোলেননি। এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দেন ফিরহাদ। সেখানে শুভেন্দুর সঙ্গে তাঁর কথা হয় বলেও শোনা যায়। তারপর থেকেই মমতার সঙ্গে দূরত্বের জল্পনা শুরু হয়। রাজনৈতিক মহলের দাবি, এই মুহূর্তে ঋতব্রত শিবিরে রয়েছেন ৫৮ জন বিধায়ক। ফিরহাদ যোগ দিলে সেই সংখ্যা আরও বাড়বে। উঠছে ‘আসল তৃণমূল’ গঠনের জল্পনাও।

‘দিদি’র বিপদের দিনের সঙ্গী ফিরহাদ কি সত্যিই হাত ছাড়ছেন? নাকি এটা নিছক সৌজন্য সাক্ষাৎ? দিল্লির পর রাজ্যেও ভাঙন ধরবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে ফিরহাদ মুখ না খোলা পর্যন্ত জল্পনা থামবে না। মমতার দীর্ঘদিনের সেনাপতির ‘ভোলবদল’ হলে সেটা তৃণমূলের জন্য বড় ধাক্কা হবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *