আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

BJP-Patharpratima : পাথরপ্রতিমায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, নেত্রীর বোনকে মারধরের অভিযোগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার অচিন্ত্যনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। বিজেপি নেত্রীর বোনকে মারধরের অভিযোগ উঠেছে দলেরই একাংশের বিরুদ্ধে। পাশাপাশি উন্নয়নের কাজ থমকে যাওয়া নিয়ে সরব হয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।(BJP-Patharpratima)

অভিযোগকারীদের দাবি, ৪ মে-র পালাবদলের পর যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের একাংশ পুরনো বিজেপি কর্মী ও মহিলা মোর্চার নেত্রীদের সঙ্গে বারবার দুর্ব্যবহার করছেন। সেই বিরোধই এবার গড়িয়েছে গায়ে হাত তোলার অভিযোগে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। যদিও বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ।(BJP-Patharpratima)

অন্যদিকে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতিতে দল নির্ধারিত কমিটি নিয়ে আলোচনা সভায় গোষ্ঠীকোন্দল নিয়ে সরব হন বিধায়ক সমীর কুমার জানা। তাঁর অভিযোগ, উন্নয়নের স্বার্থে কর্মীদের ডাকা হলেও দলেরই অন্য অংশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।

বিধায়কের আরও অভিযোগ, বিজেপির মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হওয়ায় সমন্বয়ের অভাবে পাথরপ্রতিমার উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সরকার পরিবর্তনের তিন মাস কেটে গেলেও তাঁরা কোথাও মাইক মিটিং করতে পারেননি, সেই সুযোগও দেওয়া হয়নি। তবে তিনি স্পষ্ট বলেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং উন্নয়নের কাজে বাধা এলে চুপ করে বসে থাকবেন না।

পাথরপ্রতিমার সার্বিক উন্নয়নের স্বার্থে বিরোধীদেরও সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন বিধায়ক।

একদিকে নেত্রীর বোনকে মারধরের অভিযোগ, অন্যদিকে উন্নয়ন নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাজ থমকে যাওয়ার অভিযোগ—সব মিলিয়ে পাথরপ্রতিমায় বিজেপির অন্দরের কোন্দল এখন প্রকাশ্যে। এই পরিস্থিতি দল কিভাবে সামলায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।(BJP-Patharpratima)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *