কলেজ থেকে কয়েকশো বস্তা সিমেন্ট পাচারের অভিযোগ, অভিযোগের তীরে তৃণমূল
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার সুকান্ত কলেজ থেকে কয়েকশো বস্তা সিমেন্ট পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। কলেজের প্রিন্সিপাল, সিকিউরিটি গার্ড ও গভর্নিং বডির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজীর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিজেপি-তৃণমূল রাজনৈতিক সংঘাত চরমে।
স্থানীয় বিজেপি নেতা বিভাস সরদারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই মেশিন ভ্যানে করে কলেজ চত্বর থেকে বস্তা বস্তা সিমেন্ট বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। কলেজের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দে আসা এই সিমেন্ট গোপনে পাচার করা হচ্ছিল বলে দাবি তাঁর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা মেশিন ভ্যানটি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে পাচারকারীরা উদ্ধার হওয়া সিমেন্টের বস্তাগুলি পুনরায় কলেজের গোডাউনে ঢুকিয়ে দিতে বাধ্য হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে কলেজের চাবি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বিজেপির দাবি, কলেজের প্রিন্সিপালের মদতেই এই পাচারচক্র চলছিল। গভর্নিং বডির সদস্য রাজা গাজী সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই কলেজের সম্পত্তি এভাবে নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। ঘটনার সময় কলেজ চত্বরে উপস্থিত সিকিউরিটি গার্ডের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
এই ঘটনার পর থেকে অভিযুক্ত প্রিন্সিপাল ও তৃণমূল নেতা রাজা গাজী প্রকাশ্যে মুখ খোলেননি। অভিযোগ স্বীকার বা অস্বীকার, কোনও প্রতিক্রিয়াই দেননি তাঁরা। ঘটনার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতাদের। সরকারি বরাদ্দের সিমেন্ট এভাবে পাচারের ঘটনায় কলেজের সম্পত্তির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। ঘটনাকে কেন্দ্র করে বাসন্তী জুড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
