আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

বিধাননগর পুরনিগমে বড় ধাক্কা, চেয়ারম্যানের পদ ছাড়লেন মমতার ঘনিষ্ঠ কৃষ্ণা চক্রবর্তী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিধাননগর পুরনিগমের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের এই সঙ্গী। তাঁর আকস্মিক ইস্তফায় রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে—তবে কি তৃণমূলের হাতছাড়া হচ্ছে বিধাননগর পুরনিগমও?

১৬ বছর ধরে বিধাননগর পুরনিগমের সঙ্গে যুক্ত কৃষ্ণা চক্রবর্তী। কখনও বরো চেয়ারম্যান, কখনও মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। দলমত নির্বিশেষে সকলের কথা শোনা, এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাঁর আলাদা পরিচিতি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে জনরোষ দেখা গেলেও কৃষ্ণার বিরুদ্ধে তেমন ক্ষোভ চোখে পড়েনি। কিন্তু হঠাৎ তাঁর এই পদত্যাগ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে টালমাটাল অবস্থা চলছে। দলের একাংশে মহাবিদ্রোহের ইঙ্গিত, মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলনেতা নির্বাচন, একাধিক এলাকায় নেতাদের পদত্যাগ, দুর্নীতি-তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার—সব মিলিয়ে চাপে শাসকদল। এর মধ্যেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন বলে দাবি করেছেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইচ্ছায় সম্মতি দিয়েছেন। এই আবহেই এবার বিধাননগরের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণা। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, দলের ভিতরের অস্থিরতাই এর মূল কারণ।

কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের পর বিধাননগর পুরনিগমের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, সেটাই এখন দেখার। তৃণমূলের গড় হিসেবে পরিচিত বিধাননগর পুরনিগমও কি শেষমেশ হাতছাড়া হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আপাতত পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দলের শীর্ষ নেতৃত্ব দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *