Uncategorized

BRAZIL VS INDIA: ব্রাজিলের কাছে হারলেও জিতল মন, যুবভারতীতে রায়ান-অভিষেকদের লড়াই প্রশংসিত

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ৫০ হাজার দর্শকের সামনে যুবভারতীতে বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের (BRAZIL VS INDIA) কাছে ৪-০ গোলে হারল ভারত। স্কোরলাইন বড় হলেও ভারতের লড়াই মন জয় করেছে। ভিনিসিয়াস, মার্কুইনহোসদের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেই ব্রাজিলের সামনে সাধ্যমতো আক্রমণ করেছে রায়ান উইলিয়ামস, মনবীর, অভিষেক সিংরা।

ম্যাচের শুরুতেই ভিনিসিয়াসের একটি শট বাঁচিয়ে গ্যালারির প্রশংসা কুড়িয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধু (BRAZIL VS INDIA)। কিন্তু তার পরেই জোড়া ভুলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। ২৮ মিনিটে বক্সের ডান দিক থেকে এস্তেভাওয়ের জোরালো শট গুরপ্রীতের হাতের নিচ দিয়ে গোলে ঢুকে যায়। অথচ গোটা গোল ফাঁকা থাকলেও বল ছিল আয়ত্তের মধ্যেই। ৪২ মিনিটে ফের ভুল। এস্তেভাওয়ের পাস থেকে পেদ্রোর শট পা বাড়িয়ে আটকাতে যান গুরপ্রীত, বল গ্লাভসে লেগে জালে জড়িয়ে যায়। এই দুই গোলেই প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ে ভারত (BRAZIL VS INDIA)।

বিরতির পর ব্রাজিল দলকে আমূল বদলে দেন আনচেলোত্তি। ভিনিসিয়াসদের তুলে নামান গিমারায়েস, ডগলাস লুইজ, স্যামুয়েল লিনোদের। সেই লিনোই জোড়া গোল করেন। ৫৮ মিনিটে বিজয়ের পা থেকে বল কেড়ে দূর থেকে শটে গোল করেন তিনি। আর ইনজুরি টাইমের শেষ মিনিটে তাঁর শট প্রভসুখনের শরীরের তলা দিয়ে গোলে ঢুকে যায়। বিরতির পর গুরপ্রীতকে তুলে প্রভসুখনকে নামিয়েছিলেন কোচ খালিদ জামিল।

ভারতও সুযোগ পেয়েছিল। ৬৪ মিনিটে মার্কারকে এড়িয়ে বক্সে ঢুকে শট নিয়েছিলেন রায়ান, বাঁচান গোলকিপার মাউরো। তিন মিনিট পর মনবীরের বাড়ানো বল থেকে রায়ানের শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

এদিন বিশেষ নজর কেড়েছেন অভিষেক সিং। বাঁ দিক থেকে ভিনিসিয়াস বারবার আক্রমণ করলেও তাঁকে কড়া নজরে রেখেছিলেন অভিষেক। ড্রিবল করে বেরিয়ে গেলেও হাল ছাড়েননি তিনি।

চার গোল খেলেও এই লড়াই ভারতকে আত্মবিশ্বাস জোগাবে। আগামী ৬ অক্টোবর ভারতের সামনে উরুগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *