ACCIDENT – KURSEONG: শিলিগুড়ি থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, কার্শিয়াংয়ে খাদে পড়ল গাড়ি
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি;- শিলিগুড়ি থেকে পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার (ACCIDENT – KURSEONG) কবলে ছয় বন্ধু। কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে জিরো পয়েন্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাদের গাড়ি (ACCIDENT – KURSEONG)। ঘটনায় মৃত্যু হয়েছে শিলিগুড়ির এক যুবকের, আহত আরও পাঁচ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার ছয় বন্ধু মিলে ব্যক্তিগত গাড়ি নিয়ে কার্শিয়াংয়ে ঘুরতে গিয়েছিলেন। সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে (ACCIDENT – KURSEONG)। কার্শিয়াং থেকে কিছুটা নামতেই জিরো পয়েন্টের কাছে তীব্র বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক সামলাতে না পারায় গাড়িটি সরাসরি গভীর খাদে পড়ে যায়। পাহাড়ি রাস্তায় বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন এবং কার্শিয়াং থানায় খবর দেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কার্শিয়াং থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। খাদ বেশ গভীর হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়। দড়ি ও ক্রেনের সাহায্যে দীর্ঘক্ষণ চেষ্টার পর প্রথমে পাঁচজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কার্শিয়াং হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছে, তারা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে অন্ধকার নেমে আসায় একজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর গাড়ির ধ্বংসাবশেষের নিচ থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক সাহা (২৮), বাড়ি শিলিগুড়ির হাকিমপাড়ায়। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল হল তার।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকেও ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে ব্রেক ফেল বা অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কার্শিয়াং থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে হাকিমপাড়া এলাকায়।
