AFGANISTAN: ‘ভারতবন্ধু’ রাশিয়ার নয়া মাস্টারস্ট্রোক, পাকিস্তানকে জব্দ করতে তালিবানকে শেখাবে ড্রোন-যুদ্ধ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আফগানিস্তান (AFGANISTAN)-পাকিস্তান সীমান্তে যুদ্ধের আবহের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বড় কূটনৈতিক চাল রাশিয়ার। ‘ভারতবন্ধু’ রাশিয়া এবার তালিবানকে দিচ্ছে আধুনিক যুদ্ধের প্রশিক্ষণ। রাশিয়ার এই পদক্ষেপে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে ইসলামাবাদের। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপ পাকিস্তানের জন্য বিপদঘণ্টা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়ার বৃহত্তম সামরিক মহড়া ‘সেন্টার ২০২৬’-এ অংশ নিতে মস্কো পৌঁছেছে তালিবানের (AFGANISTAN) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন তালিবানের আবদুল্লা বিন মাসুদ কোরের কমান্ডার মাওলাভি নাসিবুল্লা মাদানি। এই মহড়ায় তালিবান প্রতিনিধিরা রাশিয়ার অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রোবট যুদ্ধের কৌশল পর্যবেক্ষণ করেন। সেখানে ভারত, চিন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান-সহ একাধিক দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা (AFGANISTAN)।
কূটনৈতিক মহলের মতে, এটা নিছক সফর নয়, এর নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা। এর আগেই গত ২৭ মে মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের মঞ্চে রাশিয়া ও তালিবানের মধ্যে প্রথম সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও তালিবানের প্রতিরক্ষামন্ত্রী মাওলাভি মহম্মদ ইয়াকুব। উল্লেখ্য, ২০২৫ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া এবং সন্ত্রাসবাদী তালিকা থেকেও বাদ দিয়েছিল।
গত কয়েক মাস ধরে পাকিস্তান আফগানিস্তানে লাগাতার বিমান হামলা চালাচ্ছে, অভিযোগ আফগানিস্তান টিটিপি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তালিবান এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, পাকিস্তান সাধারণ মানুষকে নিশানা করছে। এই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে রাশিয়ার দিকে ঝুঁকছে কাবুল। রাশিয়ার এই পদক্ষেপে যে পাকিস্তানের চাপ আরও বাড়ল, তা বলাই বাহুল্য।
