Purulia : অন্নপূর্ণা যোজনায় কারচুপি! গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি ও ভাইপো !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুরুলিয়ায় ফের চাঞ্চল্য। মহিলাদের জন্য কেন্দ্রের অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে বাড়ি থেকে তাঁদের পাকড়াও করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত বুধবার রাতে কার্যালয় বন্ধের পর অনুমতি ছাড়া পুঞ্চা বিডিও অফিসের অতিথি আবাসে প্রবেশের অভিযোগ উঠেছিল কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় বিডিও-র অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছিল কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, পূর্ত-কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস, পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মী সুমিত কুন্ডু এবং লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাসকে। বুধবার তাঁরা জামিন পান।
কিন্তু তদন্তে নেমে পুলিশের নজরে আসে অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগ। আর সেই কারচুপিতে মদতের অভিযোগ ওঠে জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শনিবার রাতে তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুঞ্চা থানার পুলিশ। একই সঙ্গে নতুন ধারা যোগ করে ফের গ্রেপ্তার করা হয় ভাইপো কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং চরণপাহাড়ি দাসকেও।
উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন। রবিবার সকালে ধৃতদের আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সরকারি প্রকল্পে কারচুপির বিষয়ে প্রশ্ন করা হলে সুজয় বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।
অন্নপূর্ণা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে পুরুলিয়ার রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। পুলিশের দাবি, তদন্ত এখনও চলছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
