আজকের দিনেবাংলার আয়না

Missing Fishermen : উত্তাল সাগর পেরিয়ে উদ্ধার ‘মা কালী’ ট্রলার, এখনও নিখোঁজ ১৬ মৎস্যজীবী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে প্রায় ৯ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল ‘মা কালী’ নামের মৎস্য ট্রলারটি। বনদপ্তর ও সুন্দরবন পুলিশের যৌথ অভিযানে জলে ডুবে থাকা ট্রলারটিকে উদ্ধার করে গোবর্ধনপুরে নিয়ে আসা হচ্ছে। তবে ট্রলারে থাকা ১৬ জন মৎস্যজীবীর এখনও কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রের খবর,প্রায় নয় দিন আগে দীঘার শংকরপুর থেকে মাছ ধরতে বেরিয়েছিল ‘মা কালী’ ট্রলারটি। তারপর থেকেই সেটি নিখোঁজ ছিল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় বনদপ্তর ও গোবর্ধনপুর কোস্টাল থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

রামগঙ্গা রেঞ্জের রেঞ্জার কোবির হোসেনের নেতৃত্বে সহ-বনকর্মী এবং সুন্দরবন পুলিশ জেলার দল উত্তাল সাগর পেরিয়ে জলে আংশিক ডুবে থাকা অবস্থায় ট্রলারটির খোঁজ পায়। এরপর ট্রলারটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের দিকে নিয়ে আসা হচ্ছে।

প্রশাসনের আশা, ট্রলারটি সম্পূর্ণভাবে উদ্ধার করে ভেতরে তল্লাশি চালানো গেলে নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। নিখোঁজদের পরিবারে এখন চরম উদ্বেগ।

ট্রলার উদ্ধার হলেও মৎস্যজীবীদের কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তর ও উপকূল পুলিশ নিখোঁজদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলেই উদ্ধারকাজ আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *