ABHISHEK BANARJEE : “সব মামলায় এক রক্ষাকবচ হয় না” — হাই কোর্টে ধাক্কা অভিষেকের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আবারও আদালতে স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANARJEE)। সব মামলায় সার্বিক রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট পর্যবেক্ষণ, “সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ দেওয়া যায় না, এতে তদন্তের ক্ষতি হতে পারে।” মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।
অভিষেকের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডিজে সংক্রান্ত মন্তব্যের একটি মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন তিনি। বাকি মামলাগুলিতেও একসঙ্গে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক (ABHISHEK BANARJEE)।
বুধবার সেই মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। অভিষেকের আইনজীবী কপিল সিব্বল আদালতে সব মামলার জন্য সার্বিক সুরক্ষা চান। তিনি মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গও টেনে আনেন। কিন্তু বিচারপতি তাতে সায় দেননি। তাঁর পর্যবেক্ষণ, “অভিষেকের তো রক্ষাকবচ রয়েছে। আবার কী প্রয়োজন?” বিচারপতি আরও বলেন, “এক একটা অভিযোগ এক রকম। শিলিগুড়ির অভিযোগ আলাদা, ভবানীপুরের অভিযোগ ভিন্ন। সবক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তের ক্ষতি হতে পারে।”
রাজ্যের তরফে আইনজীবী এসভি রাজু সময় চেয়ে নেন। এরপরই আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে ৩০ জুলাই। তবে বিচারপতি এও জানান, এই কয়েকদিনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে, তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
আপাতত সার্বিক রক্ষাকবচ না পাওয়ায় আইনি জটিলতা থেকেই গেল অভিষেকের। ৩০ জুলাই পরবর্তী শুনানিতে কী রায় আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
