KHARAJ MUKHERJEE : অবশেষে নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তিব্বত থেকে ধেয়ে আসা হড়পা বানে বিধ্বস্ত নেপাল। সেই দুর্যোগের মাঝেই পোখরায় শুটিং করতে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (KHARAJ MUKHERJEE) । নানা প্রতিকূলতা পেরিয়ে ঘুরপথে গোরক্ষপুর হয়ে শুক্রবার দুপুরে সস্ত্রীক কলকাতায় ফিরলেন তিনি। বিমানবন্দরে চোখে-মুখে ছিল ক্লান্তি আর বিধ্বস্ততার ছাপ।
বিমানবন্দরের বাইরে থেকেই স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে পাশে নিয়ে ভিডিও বার্তায় খরাজ (KHARAJ MUKHERJEE) বলেন, “আপনারা সকলেই বড় চিন্তায় ছিলেন। নেপালে শুটিং করতে গিয়ে আমি আটকে যাই। পোখরায় ছিলাম। এবং সেখানে অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। যার জেরে নানানভাবে ঘুরে গোরক্ষপুরে যাই। এবং সেখান থেকে আমি আর প্রতিভা, আমরা দু’জনে ওখান থেকে বিমান ধরে এইমাত্র কলকাতায় ফিরলাম। শুধুমাত্র আপনাদের ভালোবাসাই আমাকে আবার ফিরিয়ে এনেছে। অসংখ্য ধন্যবাদ।”
এর আগে বৃহস্পতিবার পোখরা থেকে তিনি (KHARAJ MUKHERJEE) জানিয়েছিলেন, জঙ্গলে একটি সিকোয়েন্সের শুটিং চলাকালীন বৃষ্টির মধ্যে প্রায় ৫ ঘণ্টা টানা আটকে থাকতে হয়। কাঠমান্ডু থেকে ফেরার টিকিট থাকলেও রাস্তা বন্ধ থাকায় এবং সব ফ্লাইট বুক হয়ে যাওয়ায় ফিরতে পারেননি।
গত ৪৮ ঘণ্টা ধরে অনুরাগীরা তাঁর খোঁজ নিচ্ছিলেন। অবশেষে অভিনেতাকে সুস্থভাবে শহরে ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। খরাজও সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়ে সামনে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
