হুগলি নদীর বুকে জোড়া টর্নেডো! কালো মেঘে ঢাকল আকাশ
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- হুগলি নদীর বুকে হঠাৎ দেখা মিলল এক বিরল প্রাকৃতিক ঘটনার। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকায় বৃহস্পতিবার বিকেলে নদীর ওপর পাশাপাশি দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখে চমকে ওঠে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। সাধারণত এমন দৃশ্য খুব কমই দেখা যায়, তাই মুহূর্তের মধ্যেই ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নদীর জলরাশি থেকে আকাশের দিকে পাক খেতে খেতে উঠতে থাকে দুটি জলঘূর্ণি। কয়েক মিনিট ধরে চলা এই দৃশ্য অনেকেই মোবাইলে রেকর্ড করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।
ঘূর্ণাবর্ত তৈরির কিছুক্ষণের মধ্যেই এলাকার আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। চারপাশের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত। নদীতে মাছ ধরতে থাকা মৎস্যজীবীরা দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে তীরে ফেরার চেষ্টা করেন।আবহাওয়াবিদদের মতে, জলাশয়ের ওপর বিশেষ ধরনের বায়ুচাপ ও তাপমাত্রার পার্থক্যের কারণেই এমন জলঘূর্ণি তৈরি হয়েছে।
