Focus On West Bengal : নজরে পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতে রেল সম্প্রসারণে বড় উদ্যোগ, চার নয়া প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- পূর্ব ভারতের রেল যোগাযোগে বড়সড় বদল আনতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ৯,৪৫০ কোটি টাকা ব্যয়ে চারটি নতুন রেল প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। এর ফলে উন্নত রেল যোগাযোগের আওতায় আসবে প্রায় ৬,৪৮টি গ্রাম ও ৬০ লক্ষ মানুষ। বাংলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ খড়গপুর-ভদ্রক চতুর্থ লাইন।
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মোট ৪১০ কিলোমিটার নতুন লাইনের অনুমোদন দেয়। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খড়গপুর-ভদ্রক-রানিতাল পর্যন্ত চতুর্থ লাইন। শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই করিডরে নতুন লাইন চালু হলে ট্রেন চলাচলের চাপ কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহণে গতি বাড়বে।
শুধু যাত্রী পরিষেবা নয়, এই রুট দিয়ে কয়লা, লৌহ আকরিক, ইস্পাত, সিমেন্ট, কন্টেনার, অটোমোবাইল ও খাদ্যশস্যের মতো পণ্য পরিবহণ আরও দ্রুত হবে। কেন্দ্রের হিসাব বলছে, প্রকল্পগুলি শেষ হলে বছরে অতিরিক্ত ৭৬ মিলিয়ন টন পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হবে। এর ফলে শিল্পাঞ্চলগুলির সঙ্গে বন্দর ও বাজারের যোগাযোগ আরও মসৃণ হবে।(Focus On West Bengal)
বাংলার পাশাপাশি ওড়িশার ভদ্রক-হরিদাসপুরে ৭৫ কিমি চতুর্থ লাইন, কটক-পারাদ্বীপে ৭২ কিমি তৃতীয়-চতুর্থ লাইন এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর গুস্মিডিপুন্ডি-গুডুরে ৯০ কিমি তৃতীয়-চতুর্থ লাইনেও ছাড়পত্র মিলেছে। চারটি প্রকল্পেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের ৮টি জেলা সরাসরি উপকৃত হবে।(Focus On West Bengal)
কেন্দ্রের দাবি, PM-Gati Shakti ন্যাশনাল মাস্টারপ্ল্যান মেনে তৈরি এই প্রকল্পগুলি রেলের ‘মাল্টি-ট্র্যাকিং’-এর মাধ্যমে ভিড় কমাবে, পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়াবে এবং জ্বালানি খরচ ও তেল আমদানিও কমাবে। এর পাশাপাশি কুলডিহা, ভিতরকানিকা, চণ্ডীপুর, তালসারি-উদয়পুর, পুলিকাট হ্রদের মতো পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগও শক্তিশালী হবে।
খড়গপুর-ভদ্রক করিডরকে সামনে রেখে এই চার প্রকল্প শুধু রেল নয়, বাংলার শিল্প, বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানে নতুন গতি আনবে বলে আশা। পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে পূর্ব ভারতের অর্থনীতিকেও আরও শক্তিশালী করতে চাইছে কেন্দ্র।(Focus On West Bengal)
