Tarapith Incident : তারাপীঠ অগ্নিকাণ্ড: সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, নোটিস তৃণমূল নেতার হোটেলে !
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- ১৭ আগস্ট ভোররাতে তারাপীঠের ‘হোটেল বিদেশিনী’তে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ প্রশাসনের। গাফিলতির অভিযোগে তারাপীঠ দমকল কেন্দ্রের স্টেশন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে নিয়ম না মানায় জেলা পরিষদের তৃণমূল সদস্য নিতাই মালের হোটেল-সহ ১৫টি হোটেল বন্ধের নোটিস জারি করা হয়েছে।
তারাপীঠের হোটেল বিদেশিনীতে আগুন লাগার পর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ওঠে। মৃতদের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। এরপরই জেলা ও রাজ্য প্রশাসন নড়েচড়ে বসে। নিয়ম না মেনে চলা ১৫টি হোটেলের তালিকা তৈরি হয়। সেই তালিকায় নাম রয়েছে বীরভূম জেলা পরিষদের তৃণমূল সদস্য নিতাই মালের হোটেলেরও।(Tarapith Incident)
অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে হোটেল চালাচ্ছিলেন তিনি। তবে নিতাই মালের দাবি, তিনি রাজনীতিতে আসার বহু আগেই ব্যবসার সঙ্গে যুক্ত। হোটেলটি একদিনে তৈরি হয়নি। ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধাপে ধাপে কাজ হয়েছে। হোটেল চালাতে কী কী সরকারি অনুমোদন লাগে তা স্পষ্ট জানা ছিল না বলেও স্বীকার করেন তিনি। তাঁর বক্তব্য, প্রশাসন ভবিষ্যতে যে নির্দেশ দেবে সেই মতোই পদক্ষেপ করবেন।
এদিকে ‘বিদেশিনী’ হোটেল কীভাবে ফায়ার সেফটির অনুমোদন পেল, সেখানে নিয়ম মেনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই গাফিলতির জেরেই তারাপীঠ দমকল কেন্দ্রের স্টেশন অফিসার অভয় চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম, অনুমোদন ও পরিদর্শনের গোটা প্রক্রিয়া নিয়েও তদন্ত শুরু হয়েছে।(Tarapith Incident)
“জনপ্রতিনিধি যদি আইন না মানেন, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কেন নিয়ম মানবেন” – এই প্রশ্নও এখন ঘুরছে তারাপীঠ জুড়ে।
৯ জনের প্রাণহানির পর তারাপীঠের হোটেল ব্যবসায় প্রশাসনের কড়া বার্তা। দায়ী আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা এবং বেআইনি হোটেল বন্ধের নোটিস দিয়ে নিয়মের কড়াকড়ি ফেরাতে চাইছে রাজ্য।(Tarapith Incident)
