Cricket – ঘরের মাঠেই ‘বিদেশ সফর’ টিম ইন্ডিয়ার, দিল্লিতে আয়োজন টি-টোয়েন্টি সিরিজ !
কিউ ইন্ডিয়া বাংলা : – ঘরের মাঠেই বিদেশ সফর করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের আয়োজনে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে ম্যাচগুলো হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছে বিসিসিআই।
সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ১৩, ১৬ ও ১৯ তারিখ আফগানিস্তানের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হলেও ভেন্যু থাকছে ভারতের মাটি। সম্ভবত অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা হবে। সিরিজের জন্য দিল্লি প্রিমিয়ার লিগের সূচিও বদলানো হতে পারে।
অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে। ২০২৪ সালে নয়ডায় খারাপ ব্যবস্থাপনার জন্য ভারত ছেড়ে দুবাইতে খেলতে চলে গিয়েছিল আফগান দল। এবার ফের ভারতে ফিরছে তারা।
উল্লেখ্য, জুন মাসে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগানিস্তান। সেই সিরিজের আয়োজক বিসিসিআই। কিন্তু সেপ্টেম্বরের সিরিজটি সম্পূর্ণ আলাদা। কারণ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু এশিয়ান গেমস। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই আফগান সিরিজকে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, “বিসিসিআই ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খুব ভালো। আসন্ন সিরিজটির জন্য ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে আফগান বোর্ড ও দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিসিসিআই মধ্যস্থতার কাজ করছে।”
ভারতের মাটিতে বসে আফগানিস্তানের ‘হোম সিরিজ’ খেলা— ভারতীয় ক্রিকেটে এই ঘটনা নজিরবিহীন। আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও, এশিয়াডের আগে এই সিরিজ টিম ইন্ডিয়ার প্রস্তুতিতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
