Molested : পঞ্চায়েত অফিসেই সাফাই কর্মীকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা, গ্রেফতার নির্বাহী সহকারী !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা এলাকায় পঞ্চায়েত অফিসের ভেতরে এক সাফাই কর্মীকে শ্লীলতাহানি, যৌন হেনস্থা ও চাকরি থেকে বরখাস্তের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হল গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী রতন পুরকাইতকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রবিবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত অফিসে সাফাইয়ের কাজ করছিলেন স্থানীয় এক মহিলা। অভিযোগ, সেই সময় অফিসের ভেতরে তাঁকে একা পেয়ে যান ওই পঞ্চায়েতেরই এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রতন পুরকাইত (৫৭)।
অভিযোগ অনুযায়ী, রতন পুরকাইত প্রথমে ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এরপর শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন। নির্যাতিতা বাধা দেওয়ার চেষ্টা করলে এবং চিৎকার করার ভয় দেখালে অভিযুক্ত তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভয়ে ওইদিন আর কিছু না বললেও পরে পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি জানান তিনি।
গত বুধবার, ৩০ জুলাই সাগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এরপরই অভিযুক্ত রতন পুরকাইতকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ আদালতের কাছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে। যাতে আরও বিশদে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানা যায়। ঘটনার পর থেকে পঞ্চায়েত চত্বরে থমথমে পরিস্থিতি।
সরকারি অফিসের মতো জায়গায় কর্মরত মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। এলাকাবাসীর দাবি, দোষীর কঠোর শাস্তি হোক। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
