Protest In Parliament : ২০ ‘গদ্দার’ সাংসদের ছবি নিয়ে সংসদে একাকী বিক্ষোভ কল্যাণের, প্রিয়াঙ্কাকেও শোনালেন কড়া কথা !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিদিন সংসদ চত্বরে বিক্ষোভের ঘোষণা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। তবে এদিন বিক্ষোভে নতুন মাত্রা যোগ করলেন তিনি। ২০ জন এনসিপিআই সাংসদের ছবি-সহ ব্যানার নিয়ে ‘মোদি কে সাথ ২০ গদ্দার’ স্লোগান দেন কল্যাণ। এমনকী বিক্ষোভের মাঝেই প্রিয়াঙ্কা গান্ধীকেও দু-চার কথা শুনিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ।
সংসদে কুকথা, সাংসদদের অপমান ও নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগে স্পিকার ওম বিড়লা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন। সেই সাসপেনশনের প্রতিবাদেই বৃহস্পতিবার মকর দ্বারের সামনে কার্যত একাকী বিক্ষোভে বসেন তিনি।
তাঁর টার্গেট মূলত তৃণমূলের বিদ্রোহী শিবির অর্থাৎ এনসিপিআই সাংসদরা। এদিন ব্যানারে ২০ জন এনসিপিআই সাংসদের ছবি লাগিয়ে স্লোগান দেন, ‘মোদি কে সাথ ২০ গদ্দার।’ কখনও সংসদের প্রবেশপথে, কখনও সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তিনি।
বিক্ষোভের মধ্যেই সংসদ থেকে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কয়েকজন কংগ্রেস সাংসদ বের হচ্ছিলেন। প্রিয়াঙ্কাকে দেখেই কল্যাণ বলেন, “প্রিয়াঙ্কা জি সদন মে মোদি কে সাথ ২০ গদ্দার হ্যায়।”
প্রিয়াঙ্কা স্বভাবসিদ্ধ হাসিমুখে এগিয়ে এসে পাল্টা বলেন, “দাদা এরা একসময় কংগ্রেসে ছিলেন। পরে আপনাদের দলে। এবার আপনাদেরও ধোঁকা দিল।”
এই প্রসঙ্গেই মেজাজ হারান কল্যাণ। তিনি বলেন, “কংগ্রেসে ছিলেন মানে কী? আমরাও তো কংগ্রেসে ছিলাম। প্রণবদারা সিপিএমের বি টিমের মতো কাজ না করলে দিদিকে বেরিয়ে আসতে হত না।”
প্রিয়াঙ্কা জবাবে বলেন, “কিন্তু রাজীবজির সঙ্গে দিদির সম্পর্ক ভালো ছিল।” তাতে কল্যাণ আরও ক্ষুব্ধ হয়ে বলেন, “সেই সম্পর্ক আপনারাই রাখতে পারেননি।”
মাঝে কংগ্রেসপন্থী নির্দল সাংসদ পাপ্পু যাদব কিছু বলতে গেলে তাঁকেও থামিয়ে দেন কল্যাণ। যদিও বিতর্ক বেশিদূর গড়ায়নি।
সাসপেনশনের প্রতিবাদে কল্যাণের একার বিক্ষোভ এখন রোজকার ছবি। কিন্তু ২০ ‘গদ্দার’-এর তালিকা আর প্রিয়াঙ্কার সঙ্গে বাকযুদ্ধ প্রমাণ করে দিল, সংসদের বাইরেও রাজনীতির উত্তাপ কমছে না।
