AI Monitoring : এআইয়ের নজরে এবার সিগনাল ভাঙা-চুরি যাওয়া গাড়ি, কলকাতা-সংলগ্ন এলাকায় কড়া নজরদারি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রাস্তায় ট্রাফিক আইন ভাঙা থেকে রেজিস্ট্রেশনহীন ও চুরি যাওয়া গাড়ি ধরতে এবার এআই প্রযুক্তি আনছে রাজ্য সরকার। সিগনালের ক্যামেরায় ধরা পড়লেই তথ্য যাবে কন্ট্রোল রুমে, সেখান থেকেই হবে স্বয়ংক্রিয় ব্যবস্থা। বুধবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।(AI Monitoring)
কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রযুক্তিনির্ভর নজরদারি শুরু হয়েছে। ক্যামেরায় ধরা গাড়ির নম্বর তথ্যের সঙ্গে মিলিয়ে রেজিস্ট্রেশনহীন, ভুল নম্বর বা চুরি যাওয়া গাড়ি থাকলে তাৎক্ষণিক ধরা পড়বে। কোনও ম্যানুয়াল প্রক্রিয়া থাকবে না বলে জানান মন্ত্রী।
রাস্তায় থাকা এমভিআই ও আরটিওদের বডি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। একইসঙ্গে বেআইনি, কর না দেওয়া ও ১৫ বছরের বেশি পুরনো পুলকার বন্ধে স্কুলগুলিকে চিঠি পাঠানো হচ্ছে। ১ মাস সময় দেওয়া হয়েছে।(AI Monitoring)
রেজিস্ট্রেশনহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান চলছে। সরকার ক্ষমতায় আসার সময় ২৭ লক্ষ ছিল, এখন ১৬-১৭ লক্ষকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। টোটোর বদলে সীমিত সংখ্যায় ই-রিকশা ও ছোট গাড়ির পারমিটের পরিকল্পনাও রয়েছে।
পরিষেবার দিকে নজর দিয়ে দুর্গাপুজোর মধ্যে ৬০টি নতুন বাস ও মার্চের মধ্যে ১০টি সিএনজি-ইলেকট্রিক বাস নামানোর লক্ষ্য। নবদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত জল-ট্যাক্সি চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
শ্রমক্ষেত্রে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের জন্য ইএসআইসি হাসপাতাল-মেডিক্যাল কলেজ, জুটমিল ও চা-বাগান খোলার উদ্যোগ এবং দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি ৪০৬ টাকা করার কথা জানান তিনি। দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা বলে ৪ জন আরটিওকে সাসপেন্ড ও ২ জনকে গ্রেপ্তারের কথাও জানান।(AI Monitoring)
প্রযুক্তি, পরিষেবা ও স্বচ্ছতা – তিন দিকেই জোর দিয়ে পরিবহণ ও শ্রম দপ্তরের ১০ দিনের রিপোর্ট পেশ করল রাজ্য সরকার।
