ISL-Mohun Bagan : গোল মিসের মহড়া, আইএসএলের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল মোহনবাগান !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গোটা ম্যাচ জুড়ে সবুজ-মেরুনের ছন্নছাড়া দশাই বেশি চোখে পড়ল। আইএসএলের শুরুতেই হার। নর্থইস্টের কাছে ০-১ গোলে হেরে অভিযান শুরু করল মোহনবাগান।(ISL-Mohun Bagan)
গুয়াহাটিতে মোহনবাগানের প্রথম একাদশে ছিলেন না মনবীর সিং। রিজার্ভে ছিলেন মিগুয়েলও। ডার্বির স্কোরার সমির জেলকোভিচ, ডেজন ড্রাজিচরা প্রথম একাদশে ছিলেন। জেমি ম্যাকলারেনের অনুপস্থিতিতে আক্রমণের মূল দায়িত্ব ছিল লি আরউইনের কাঁধে।
ম্যাচের ঠিক ৮ মিনিটে তাঁর জোরালো শট নর্থইস্টের বার কাঁপিয়ে দিল। সেটা গোল হয়ে গেলে হয়তো ম্যাচের ভাগ্য ওখানেই লেখা হয়ে যেত। আরউইনের গোল হাতছাড়ার পর গোটা ম্যাচ জুড়ে চলল গোলনষ্টের প্রদর্শনী।(ISL-Mohun Bagan)
বল পজিশন থেকে গোলমুখী শট, সবেই এগিয়ে মোহনবাগান। কিন্তু বক্সের মধ্যে ঢুকলেই সব লন্ডভন্ড। দ্বিতীয়ার্ধেও ছবিটা একই। ৫৩ মিনিটে ফের মিস আরউইনের। ৮৮ মিনিটে ফাঁকা গোল ছিল সুহেলের সামনে। লিস্টন কোলাসোর ক্রস থেকে বল পেয়েও তিনি মারলেন বারপোস্টে।
আর এত গোলনষ্টের খেসারত দিতেই হত! ৯২ মিনিটে আলাদিনের দূরপাল্লার শট বিশাল কাইথ বাঁচালেও ফিরতি বলে গোল করে যান জিতিন এমএস। ম্যাচের একমাত্র গোলে জিতল নর্থইস্ট।(ISL-Mohun Bagan)
