আজকের দিনেবিশ্ব

Saudi-Hidden Treasure : মদিনার মাটির নীচেই গুপ্তধন, ১১ কোটি টন ইউরেনিয়ামের খোঁজ পেল সৌদি আরব !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- তেল-গ্যাসের পর এবার ইউরেনিয়ামের সন্ধান। মদিনার মাটির নীচে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের খোঁজ পেল সৌদি আরব। প্রায় ১১ কোটি টন আকরিক মজুত রয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুলাজিজ বিন সলমন।(Saudi-Hidden Treasure)

বিগত সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র ৭০তম সাধারণ সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। সলমন জানান, মদিনার জবাল সইদ প্রকল্পে অনুসন্ধান এবং ভূতাত্ত্বিক গবেষণায় এই বিপুল ভাণ্ডারের খোঁজ মিলেছে। সৌদি সংবাদমাধ্যম কে তিনি বলেন, “এতে ইউরেনিয়ামের আশাব্যঞ্জক উপস্থিতির পাশাপাশি, উচ্চমাত্রায় বিরল খনিজের উপস্থিতি, বিশেষ করে ভারী মৌলের উপস্থিতি পাওয়া গিয়েছে।” সৌদি আরব ইউরেনিয়ামের অনুসন্ধান চালিয়ে যাবে বলেও জানান তিনি। পাশাপাশি সার উৎপাদনের উপজাত হিসেবেও ধাতু আহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের দুই পবিত্র স্থানের একটি মদিনা, ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন হজরত মহম্মদ। সেই পবিত্র ভূমির নীচেই মিলল এই খনিজ। ঐতিহাসিকভাবে সৌদির মূল সম্পদ তেল ও প্রাকৃতিক গ্যাস। এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে রিয়াধ। জবাল সইদ এলাকাতেই ইতিমধ্যে তামা উত্তোলনের কাজ শুরু হয়েছে।(Saudi-Hidden Treasure)

তবে এখনও ইউরেনিয়ামের গুণমান নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি সৌদি সরকার। আকরিকের ঘনত্ব, খনিজ উপাদানের গঠন এবং কতটা আহরণযোগ্য, তার উপরই নির্ভর করছে বাণিজ্যিক উৎপাদন সম্ভব কি না।

উল্লেখ্য, গত জুলাই মাসেই আমেরিকার সঙ্গে সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি হয়েছিল। সৌদির মাটিতে ইউরেনিয়াম নির্ভর কাঠামো গড়ার চুক্তিও হয়। ফলে সৌদির ইউরেনিয়াম ভাণ্ডারের নাগাল পাওয়ার দৌড়ে আমেরিকার সংস্থাগুলি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। যে সময় মধ্যপ্রাচ্যে ইরান-হুথি সংঘাত চলছে, সৌদিতে থাকা আমেরিকার ঘাঁটিগুলিকে নিশানা করা হচ্ছে, সেই আবহে এই আবিষ্কার নতুন করে ভূ-রাজনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে।

তেলের পর ইউরেনিয়াম। এই আবিষ্কার সত্যি হলে তা সৌদি আরবের অর্থনীতির জন্য বড় বদল আনবে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যেও নতুন করে দড়ি টানাটানি শুরু হওয়ার আশঙ্কা।(Saudi-Hidden Treasure)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *