আজকের দিনেগরম মাশলাতিলোত্তমাবাংলার আয়না

Fixes Sugar Rates : ইচ্ছামতো দাম নয়, উৎসবের আগে চিনির মূল্য বেঁধে দিল রাজ্য !

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উৎসবের মরশুমে চিনির দামে লাগাম টানতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। পাইকারি বাজারে চিনির দাম কেজি প্রতি সর্বোচ্চ ৫০ টাকা বেঁধে দিচ্ছে রাজ্য। পুজোর আগে সুফল বাংলা স্টলেও মিলবে চিনি।

গত কয়েক মাস ধরেই চিনির দাম ঊর্ধ্বমুখী, ৭০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। ফলে চাপ পড়েছে মধ্যবিত্তের হেঁশেলে, দাম বেড়েছে মিষ্টিরও। সেই দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার বড় ঘোষণা করলেন কৃষি বিপণনমন্ত্রী দিলীপ ঘোষ। জানালেন, পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে চিনির সর্বোচ্চ পাইকারি দর ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খুচরো বাজারে আর ২-৩ টাকা বাড়তে পারে, ফলে দিন সাতেকের মধ্যেই খুচরো বাজারে চিনি ৫৩-৫৫ টাকার মধ্যে নামবে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে অতিবৃষ্টির কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে দপ্তর।(Fixes Sugar Rates)

সম্প্রতি ৩, ৫ ও ১১ সেপ্টেম্বর তিন দফায় পোস্তা বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন সরকারি আধিকারিকরা। ঠিক হয়েছে, সরকারের বেঁধে দেওয়া পাইকারি দাম আগামী অন্তত তিন মাস অর্থাৎ উৎসবের মরশুম জুড়ে অপরিবর্তিত থাকবে। ব্যবসায়ীদের জন্য লজিস্টিক সহায়তা দেবে রাজ্য। ডানকুনি রেক পয়েন্ট থেকে ৫০ কিলোমিটারের মধ্যে থাকা সরকারি রেগুলেটেড মার্কেট কমিটির গোডাউনগুলিতে চিনি খালাসের অনুমতি দেওয়া হয়েছে। এই চিনি যৌথভাবে সুফল বাংলা স্টল এবং রেগুলেটেড মার্কেট কমিটির মাধ্যমে বিক্রি করা হবে। আধিকারিকরা নিয়মিত বাজার পরিদর্শন করে পাইকারি ও খুচরো দর পর্যবেক্ষণ করবেন।(Fixes Sugar Rates)

একইসঙ্গে পেঁয়াজের দামের ঝাঁঝেও চোখে জল সাধারণ মানুষের। মঙ্গলবারও খুচরো বাজারে ৬৫-৭০ টাকা কেজি দরে বিকিয়েছে পেঁয়াজ। দাম নিয়ন্ত্রণে রোজ গোটা রাজ্যের বিভিন্ন বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ নজরদারি চালাবে। স্থায়ী সমাধানে পেঁয়াজ সংরক্ষণে রাজ্যে ১০টি কোল্ড স্টোরেজ খোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

পুজোর মুখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেওয়ায় স্বস্তি পাবে মধ্যবিত্ত। সরকারের আশা, আগামী ৭ দিনের মধ্যেই বাজারে এর সুফল টের পাবেন সাধারণ মানুষ।(Fixes Sugar Rates)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *