আজকের দিনেতিলোত্তমা

Metro : মেট্রো প্রকল্পে নয়া ইতিহাস: দুর্গার পর ভিক্টোরিয়ার কাছে সুড়ঙ্গ কেটে বেরল ‘দিব্যা’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) প্রকল্পের কাজ এগোল আরও এক ধাপ। ‘দুর্গা’র পর এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মাটির তলদেশ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এল দ্বিতীয় টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। এর মাধ্যমে জোকা-এসপ্ল্যানেড রুটের জোড়া সুড়ঙ্গ কাটার কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো।

২০২৫ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করেছিল টিবিএম ‘দিব্যা’। দীর্ঘ ১০ মাসে ব্যস্ত শহরের ঘনবসতি ও ভূগর্ভস্থ জলের বাধা অতিক্রম করে ১৭৪০ মিটার সুড়ঙ্গ পথ কাটার কাজ সম্পন্ন করেছে এই বিশালকার মেশিনটি। এর আগে গত জুলাই মাসে প্রথম সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়ায় পৌঁছেছিল ‘দুর্গা’। কাজ শেষ করে ‘দিব্যা’ মাটির উপরে উঠে আসতেই মেট্রোর ইঞ্জিনিয়ার ও কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা জানান, কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে এই কাজ শেষ হওয়া এক বিরাট সাফল্য। মেট্রো রেল সূত্রের খবর, আগামী ২০২৯ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড সম্পূর্ণ মেট্রো প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই জোড়া সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হওয়ায় কলকাতার পাতালরেলের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হলো। ২০২৯ সালে সম্পূর্ণ প্রকল্পটি চালু হলে দক্ষিণ শহরতলির বাসিন্দারা সহজেই মধ্য ও পশ্চিম কলকাতার সঙ্গে যুক্ত হতে পারবেন, যা মহানগরের গণপরিবহন ব্যবস্থায় এক নবদিগন্ত খুলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *