Biswa Bangla Logo : সরকার বদলালেও প্রেসক্রিপশনে কেন ‘বিশ্ববাংলা’? কান্দি পুরসভার স্বাস্থ্য শিবিরে পুরোনো লোগো ঘিরে তুমুল বিতর্ক !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মুর্শিদাবাদের কান্দি পুরসভায় আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সরকারি লোগো ব্যবহারে চরম গাফিলতির অভিযোগ সামনে এসেছে। চিকিৎসা শেষে রোগীদের যে সরকারি প্রেসক্রিপশন দেওয়া হচ্ছিল, তাতে আগের সরকারের ‘বিশ্ববাংলা’ লোগো শোভা পাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
কান্দি পুরসভার এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষ চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় পরামর্শ নিতে আসেন। কিন্তু চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশনে নতুন সরকারি লোগোর পরিবর্তে পুরোনো ‘বিশ্ববাংলা’ লোগো বড় করে ছাপা দেখতে পান রোগীরা।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেসক্রিপশন খতিয়ে দেখার পর সুর চড়ান বিজেপির জেলা সহ-সভাপতি বিনীত রায়। তাঁর অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর সমস্ত সরকারি দফতর ও নথিতে নতুন লোগো ব্যবহার শুরু হলেও কান্দি পুরসভা এখনও পুরোনো লোগো ব্যবহার করছে।
বিজেপির দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরও কিছু সরকারি কর্মীর মানসিকতায় পরিবর্তন আসেনি। এই বিষয়ে তাঁরা জেলা ও রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার ওপর কড়া নজর রাখার হুঁশিয়ারি দিয়েছেন।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সরকারি কাজের নথিতে পুরোনো লোগোর ব্যবহার প্রশাসনিক সমন্বয়হীনতা ও গাফিলতির দিকেই আঙুল তুলে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ভুলবশত এমনটা হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে সরকারি স্পষ্টীকরণের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।
