স্নায়ুর যুদ্ধে জয়ী কোহলিরা, প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাইয়ের
কিউ ইন্ডিয়া বাংলা :- শেষ ওভারে চূড়ান্ত নাটকীয়তা। বেঙ্গালুরুর জয়ের জন্য দরকার ছিল ১৬ রান । এই রান ডিফেন্ড করতে ব্যর্থ হল মুম্বাই। শেষ বলে ম্যাচ জিতল বেঙ্গালুরু। ভুবনেশ্বর কুমারের বল হাতে চারটি উইকেট এবং ব্যাট হাতে ম্যাচ ঘোরানো ছক্কার কারণে ম্যাচের সেরার পুরস্কার পেলেন তিনি ।
আজ প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। রায়ান রিক্লেনটন (২) ব্যাট হাতে ব্যর্থ হন। রোহিত শর্মা কিছুটা চেষ্টা করেছিলেন বটে তবে ১০ বলে ২২ রান করে তিনি আউট হন। অধিনায়ক সূর্য কুমার যাদব এদিন শূন্য রানে আউট হন। মাত্র তিন রানের জন্য অর্ধশতরান মিস করেন নমন ধীর। ৪৭ রানে তিনি আউট হয়ে যান। বেশ কিছু ম্যাচ পর রানের দেখা পান তিলক বর্মা। ৪২ বলে তার ব্যাট থেকে আসে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বাই। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ভুবনেশ্বর কুমার ।
১৬৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারে কোনো রান না করে আউট হয়ে যান বিরাট কোহলি। অপর ওপেনার জ্যাকব বেথেল কিছুটা রানের দেখা পান। ২৭ বলে ২৭ রান করেন এই ব্রিটিশ ব্যাটার। এরপর দেবদত্ত পাল্লিকাল ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি । ১১ বল খেলে মাত্র ১২ রান করতে সক্ষম হন তিনি । আরসিবি অধিনায়ক রজত পাতিদার ব্যাট হাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাত্র আট রান করেন । আবারো ব্যর্থ হন জিতেশ শর্মা । ১২ বল খেলে ১৮ রানে আটকে যায় তার ইনিংস। ব্যাট করতে গিয়ে চোট পান ক্রুনাল পান্ডিয়া , চোটের অবস্থা এমন ছিল যে তিনি দৌড়ে রান দিতে পারছিলেন না । তবুও এই ম্যাচে তিনি ৪৬ বলে ৭৩ রানের বড় ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি ওভার বাউন্ডারি এবং চারটি বাউন্ডারি। তিনি আউট হওয়ার পর চাপে পড়ে যায় বেঙ্গালুরু। ম্যাচ গড়ায় শেষ ওভারে । ক্রিজে থাকলেও দলকে প্রত্যাশার মতো ইনিংস উপহার দিতে পারেননি রোমারিও শেফার্ড । ১১ বল খেলে তার সংগ্রহ মাত্র চার রান। শেষ তিন বলে বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ৯ রান । ভুবনেশ্বর কুমার এবং রাশিখ সালাম সেই রান তুলে শেষ বলে বেঙ্গালুরু কে জয় এনে দেন।
এ দিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে আরসিবি। আজকের ম্যাচ হার এবারের আইপিএলে মুম্বাইয়ের প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার রাস্তা পুরোপুরি শেষ হয়ে গেল। বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ আগামী ১৩ই মে ঘরের মাটিতে কলকাতার বিপক্ষে।
