CHINMAY KRISHNA DAS : পঞ্চভূতে বিলীন মা, শ্মশানে শিশুর মত কান্নায় ভেঙে পড়লেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস
কিউ ইন্ডিয়া বাংলা, বাংলাদেশ:- গার্হস্থ্য জীবন ছেড়েছেন বহু আগেই, তবু মায়ের মৃত্যুতে শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (CHINMAY KRISHNA DAS)। মায়ের মরদেহের সামনে গেরুয়া বসনে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদতে দেখা গেল তাঁকে।
বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় চিন্ময়কৃষ্ণ দাসের (CHINMAY KRISHNA DAS) মা সন্ধ্যারানি ধর (৭১)-এর। মৃত্যুশয্যায় মাকে শেষবার দেখার জন্য চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন করেছিলেন চিন্ময়, কিন্তু বিচারক অনুমতি দেননি।
মায়ের মৃত্যুর পর প্যারোলের আবেদন জানান তিনি। শেষ পর্যন্ত ৫ ঘণ্টার জন্য তাঁকে মুক্তির নির্দেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (CHINMAY KRISHNA DAS)।
মুক্তি পেয়ে চিন্ময় সোজা চলে যান চট্টগ্রামের হাটহাজারীর মেখলের পুণ্ডরীক ধামে। সেখানেই মা সন্ধ্যারানীর শেষকৃত্য সম্পন্ন হয়। পুণ্ডরীক ধামে পৌঁছে প্রথমে মন্দিরে যান, তারপর শ্মশানে যেখানে শায়িত ছিল মায়ের মরদেহ। মাকে দেখেই নিজেকে আর ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অন্য সন্ন্যাসীরা তাঁকে বুকে টেনে সান্ত্বনা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালে রাষ্ট্রদ্রোহিতা-সহ একাধিক অভিযোগে ঢাকা পুলিশের হাতে গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ দাস। একটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলির কারণে এখনও চট্টগ্রাম জেলেই বন্দি রয়েছেন তিনি।
মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর প্যারোলের মেয়াদ শেষে ফের জেলে ফিরতে হয় চিন্ময়কে।
