MAHESHTALA :মহেশতলায় আবাসনে মর্মান্তিক ঘটনা, ১৫ তলা থেকে পড়ে প্রাণ গেল ৪১ বছরের ব্যক্তির
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় অভিজাত আবাসনে মর্মান্তিক ঘটনা (MAHESHTALA)। ১৫ তলা থেকে পড়ে মৃত্যু হল ৪১ বছরের এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা আবাসন জুড়ে।
ঘটনাটি ঘটেছে মহেশতলা (MAHESHTALA) পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের একটি নামী অভিজাত আবাসনে। মৃত ব্যক্তির নাম অনুস কেজরিওয়াল, বয়স ৪১ বছর। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই ওই আবাসনের ই-৩ ব্লকের ১২ তলায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। আচমকাই ই-১ ব্লকের ১৫ তলার ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। বিকট শব্দ শুনে ছুটে আসেন আবাসিকরা। নিচে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মহেশতলা থানায় (MAHESHTALA)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অনুস। পাশাপাশি ব্যবসায়িক কারণে মাথায় ছিল বিপুল দেনার বোঝা। সেই অবসাদ থেকেই কি এই চরম সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
