Modi-Pezeshkian Meeting : দিল্লিতে মোদী-পেজেস্কিয়ান বৈঠক, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রীর !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই দিল্লিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসার আগেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন তিনি। ৩১ আগস্ট এসসিও-র ফাঁকে বৈঠকের পর ১১ দিনে এটি দ্বিতীয় মোদী-পেজেস্কিয়ান বৈঠক, যা নিঃসন্দেহে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ বাড়াবে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে মুখ খোলেন প্রধানমন্ত্রী। আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরে মোদী জানান, সমুদ্রে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাই ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের বড় অংশ হয়, তাই এই প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত বরাবরই সংকট মেটাতে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে এসেছে।(Modi-Pezeshkian Meeting)
এদিন ব্রিকসে বক্তৃতা দিতে গিয়ে আমেরিকাকে নিশানা করেন পেজেস্কিয়ান। বলেন, বিশ্ব জটিল ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাণিজ্যে জোটভুক্ত দেশগুলোর নিজস্ব মুদ্রা ব্যবহার করা জরুরি। তিনি আমেরিকার সামরিক আগ্রাসন ও নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, ব্রিকসকে এমন পরিবেশ গড়তে হবে যাতে কোনও দেশ আর্থিক ব্যবস্থার উপর একচেটিয়া নিয়ন্ত্রণ খাটিয়ে অন্য দেশের বৈধ বাণিজ্যে বাধা দিতে না পারে। ট্রাম্প বহুদিন ধরেই আশঙ্কা করছেন, ব্রিকস নিজস্ব মুদ্রা চালু করলে ডলারের গুরুত্ব কমবে। পেজেস্কিয়ানের মন্তব্যে সেই আশঙ্কাই ফের উস্কে উঠল।(Modi-Pezeshkian Meeting)
ইরানি নেতাকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশাল মিডিয়ায় লেখেন, “ভারত ও ইরানের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক, যা মজবুত সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার বন্ধনের উপর প্রতিষ্ঠিত। ব্রিকসের অংশীদার হিসেবে উভয় দেশই যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে।”(Modi-Pezeshkian Meeting)
এসসিও-র পর ব্রিকস, দুই আন্তর্জাতিক মঞ্চে ভারত-ইরান ঘনিষ্ঠতা এবং ডলারের বিকল্প নিয়ে আলোচনা যে ওয়াশিংটনের মাথাব্যথা বাড়াবে, তা বলাই বাহুল্য।
