আজকের দিনেতিলোত্তমা

বিরোধী দলের মর্যাদা নিয়ে জট, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলা:-বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে তৈরি হল নতুন জটিলতা। তৃণমূলের তরফে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেজলিউশনের কপি ও বৈঠকের তারিখ না থাকায় এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না স্পিকার।

বিধানসভা সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে উল্লেখ রয়েছে, সর্বসম্মতিতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে সিলমোহর পড়েছে। ডেপুটি লিডার হিসেবে নাম রয়েছে নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রের। মুখ্য সচেতক করা হয়েছে ফিরহাদ হাকিমকে।

কিন্তু জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি সৌমেন্দ্রনাথ দাস জানিয়েছেন, চিঠির সঙ্গে কোনও রেজলিউশন কপি জোড়া ছিল না। চিঠিতে রেজলিউশন মিটিংয়ের কথা বলা হলেও, তারিখ নেই। কতজন সই করেছেন, কারা সম্মতি দিয়েছেন, তাও স্পষ্ট নয়। সৌমেন্দ্রনাথ বলেন, “আগে রেজলিউশনের কপি দিতে বলা হয়েছে। স্পিকার তার পর সিদ্ধান্ত নেবেন।”

তিনি আরও জানান, চিঠির উপর নির্ভর করে কোনও সিদ্ধান্তগ্রহণ করতে পারেননি স্পিকার। কারণ রেজলিউশন মিটিং কবে হয়েছে, কতজন বিধায়ক উপস্থিত ছিলেন, তার কোনও উল্লেখ নেই।

যদিও তৃণমূলের দাবি, এতদিনের রীতি মেনেই অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। দলের একাংশের বক্তব্য, বিরোধী দলনেতা ঠিক করার ক্ষেত্রে পরিষদীয় দলের সিদ্ধান্তই চূড়ান্ত। চিঠিতেই তা জানানো হয়েছে। আলাদা করে রেজলিউশনের কপি দেওয়ার রেওয়াজ নেই। তবে বিধানসভা সচিবালয়ের কড়া অবস্থানে আপাতত ঝুলে রইল তৃণমূলের পরিষদীয় পদের ঘোষণা। সব মিলিয়ে বিরোধী দলের মর্যাদা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *