আজকের দিনেতিলোত্তমা

হাওড়া-শিয়ালদহের পর এবার কলকাতা স্টেশন! মেট্রো সংযোগের পথে বড় পদক্ষেপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় মেট্রো আজ এক অপরিহার্য অংশ। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত এবং আরামদায়ক যাতায়াতের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রোর উপর নির্ভর করেন। সেই মেট্রো নেটওয়ার্ককে আরও বিস্তৃত করার জন্য এবার নতুন পরিকল্পনা সামনে এসেছে। হাওড়া, শিয়ালদহ এবং বিমানবন্দরের পর এবার কলকাতা স্টেশনকেও মেট্রোর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেল মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী, করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত একটি নতুন মেট্রো রুট তৈরি করা হতে পারে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রাথমিক সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। কারিগরি দিক, যাত্রী চাহিদা এবং ট্র্যাফিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে করে সমীক্ষা চালানো হবে।

প্রস্তাবিত রুটটি ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ীর সঙ্গে কলকাতা স্টেশনকে সংযুক্ত করতে পারে। করুণাময়ীতে বর্তমানে গ্রিন লাইনের স্টেশন রয়েছে ফলে নতুন এই রুট বাস্তবায়িত হলে শহরের বিদ্যমান মেট্রো নেটওয়ার্কের সঙ্গে সহজ সংযোগ তৈরি হবে এবং যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে।

মেট্রো কর্তৃপক্ষের ধারণা, প্রস্তাবিত লাইনের বড় অংশ খালের উপর দিয়ে নির্মাণ করা সম্ভব হওয়ায় জমি সংক্রান্ত সমস্যা তুলনামূলকভাবে কম হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সমীক্ষার রিপোর্টের উপর।

এই প্রকল্প নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন রাজ্যে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে রাজ্যের গুরুত্বপূর্ণ রেল ও মেট্রো প্রকল্পগুলির ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনায় উঠে আসতে পারে।কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তর ও পূর্ব কলকাতার বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হবেন। পাশাপাশি শহরের পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। এখন নজর কলকাতা স্টেশন কবে এবং কিভাবে মেট্রোর নতুন মানচিত্রে জায়গা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *