আজকের দিনেবাংলার আয়না

ফলতা ভোটের আগে নাটক, গ্রেফতারি এড়াতে হাইকোর্টে জাহাঙ্গীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফলতা বিধানসভা উপনির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই চরম নাটকীয় মোড়। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। রক্ষাকবচ চেয়ে করা মামলার গুরুত্বপূর্ণ শুনানি আজ দুপুর দু’টোয়।

দক্ষিণ ২৪ পরগনার ফলতা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এর মধ্যেই গ্রেফতারির আশঙ্কায় আদালতের শরণাপন্ন হয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি। আজ দুপুর দু’টোয় বিচারপতির এজলাসে রয়েছে সেই মামলার শুনানি। গোটা ফলতার নজর এখন আদালতের রায়ের দিকে। জাহাঙ্গীর রক্ষাকবচ পান কি না, তার উপরই অনেকটা নির্ভর করছে ভোটের প্রচারের শেষ মুহূর্তের গতিপ্রকৃতি।
আইনি জটিলতার মধ্যেও অবশ্য আত্মবিশ্বাসী জাহাঙ্গীর। তাঁর দাবি, “ফলতার মানুষ উন্নয়ন চেয়েছিলেন, আমি উন্নয়ন করেছি। মানুষ আবার সুযোগ দিলে আরও বড় উন্নয়ন হবে।”
রাজনৈতিক মহলের মতে, ভোটের ঠিক আগে প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারির আশঙ্কা এবং আদালতে দৌড়ঝাঁপ নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিরোধীরা ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করে প্রচারে ঝাঁপিয়েছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই জাহাঙ্গীরকে ফাঁসানোর চেষ্টা চলছে।

একদিকে আদালতের শুনানি, অন্যদিকে ভোটের দামা। সব মিলিয়ে ফলতায় এখন টানটান উত্তেজনা। হাইকোর্ট কী রায় দেয়, তার উপরেই ঝুলছে জাহাঙ্গীর খানের ভোটযুদ্ধের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *