দীর্ঘক্ষণ লেন্স ব্যবহারে অন্ধত্বের ঝুঁকি! সতর্ক করছেন বিশেষজ্ঞরা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ফ্যাশন আর প্রযুক্তির মেলবন্ধন। একসময় চোখের সমস্যার একমাত্র সমাধান ছিল ভারী চশমা। যুগের পরিবর্তনে সেই জায়গা দখল করেছে ফাইবার গ্লাস, আর বর্তমানে তরুণ প্রজন্মের ফ্যাশন ও প্রয়োজনের প্রথম পছন্দ হয়ে উঠেছে কন্ট্যাক্ট লেন্স। চশমা ব্যবহারের ঝঞ্ঝাট এড়ানো এবং বাহ্যিক সৌন্দর্য বজায় রাখতে লেন্সের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
তবে ফ্যাশনের এই অনুষঙ্গই কিন্তু ডেকে আনতে পারে চরম বিপদ, যদি না আপনি এর সঠিক ব্যবহার জানেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটানা দীর্ঘ সময় লেন্স পরে থাকা চোখের দৃষ্টিশক্তির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
একটানা কতক্ষণ লেন্স পরা নিরাপদ?
উন্নত চিকিৎসাবিজ্ঞান ও চক্ষু বিশেষজ্ঞদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ফোকাস ক্লিনিকস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী:
-
সাধারণ ‘ডেইলি-ওয়্যার’ সফট কন্ট্যাক্ট লেন্স দিনে ৮ থেকে ১২ ঘণ্টা পরা সম্পূর্ণ নিরাপদ।
-
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেন্স ব্যবহার করা গেলেও, একটানা ১৪ থেকে ১৬ ঘণ্টার বেশি লেন্স পরে থাকা চোখের জন্য অত্যন্ত বিপজ্জনক।
-
নতুন ব্যবহারকারীদের জন্য পরামর্শ: আপনি যদি প্রথমবার লেন্স ব্যবহার শুরু করেন, তবে চোখকে অভ্যস্ত করানোর জন্য শুরুতে দিনে মাত্র ৪ ঘণ্টা করে লেন্স পরুন।
দীর্ঘ সময় লেন্স পরলে চোখের কী ক্ষতি হয়?
আন্তর্জাতিক চক্ষুসেবা পোর্টাল -এর তথ্য অনুযায়ী, আমাদের চোখের বাইরের স্তর বা কর্নিয়া সুস্থ থাকার জন্য সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। কিন্তু চোখে লেন্স পরা থাকলে তা অক্সিজেনের স্বাভাবিক যাতায়াতে বাধা সৃষ্টি করে।
-
হাইপোক্সিয়া : দীর্ঘক্ষণ লেন্স পরে থাকার ফলে কর্নিয়ায় অক্সিজেন সরবরাহ কমে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘হাইপোক্সিয়া’ বলে। এর কারণে চোখ লাল হওয়া, চোখ দিয়ে জল পড়া এবং তীব্র জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দেয়।
-
কন্ট্যাক্ট লেন্স ওভারওয়্যার সিনড্রোম: আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, নিয়মের তোয়াক্কা না করে দীর্ঘ সময় লেন্স ব্যবহারের এই প্রবণতাকে ‘কন্ট্যাক্ট লেন্স ওভারওয়্যার সিনড্রোম’ বলা হয়।
অন্ধত্বের মারাত্মক ঝুঁকি: লেন্স পরে ঘুমিয়ে পড়া কিংবা নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেন্স পরে থাকার ফলে চোখে মারাত্মক ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং কর্নিয়াল আলসার (চোখের ক্ষত) হওয়ার ঝুঁকি প্রায় ৬ থেকে ৮ গুণ বেড়ে যায়। এর সঠিক চিকিৎসা না হলে কর্নিয়া স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার চূড়ান্ত পরিণতি হতে পারে অন্ধত্ব বা দৃষ্টিশক্তি হারানো।
কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের জরুরি কিছু নিয়ম:
১. ২৪ ঘণ্টার মধ্যে কখনোই ১২ ঘণ্টার বেশি লেন্স পরে থাকবেন না।
২. রাতে ঘুমনোর আগে অবশ্যই লেন্স খুলে রাখুন (এমনকি লেন্স পরে সামান্য বিকেলের ঘুমও ক্ষতিকর)।
৩. লেন্স পরা বা খোলার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
৪. চোখে লেন্স থাকা অবস্থায় কোনো অস্বস্তি, লালভাব বা জ্বালা অনুভূত হলে অবিলম্বে লেন্স খুলে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
