Police : ত্রিশূল-ত্রিনয়ন ইউনিফর্মে! নারীদের রক্ষায় এবার ‘দুর্গা’র বেশে পুলিশ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ‘উইনার্স’ থেকে নাম বদলে এবার ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। শহরের নারীদের সুরক্ষায় টহল দিতে পথে নামছেন কলকাতা পুলিশের মহিলা আধিকারিকরা নতুন গোলাপি-কমলা ইউনিফর্মে। পোশাকের সামনে-পিছনে মা দুর্গার মুখ, ত্রিনয়নে ত্রিশূল। মাথায় থাকছে গোলাপি হেলমেট।
লালবাজারের নতুন উদ্যোগে স্কুটিতে টহলদারি মহিলা স্কোয়াডের পোশাক ও নাম দুটোই বদলাচ্ছে।
কেমন হবে নতুন ইউনিফর্ম:
– রং: গোলাপি মানে সহানুভূতি, কমলা মানে শক্তি। সামনে-পিছন গোলাপি, কলার ও দু’পাশ কমলা।
– ডিজাইন: ওয়েস্টকোট/অ্যাপ্রন, কমলা বোতাম, দু’পাশে ও ভিতরে পকেট।
– প্রতীক: পোশাকের সামনে বাঁদিকে ও পিছনে মা দুর্গার মুখ। ত্রিনয়ন থেকে উঠে এসেছে ত্রিশূল। নিচে বড় হরফে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।
– হেলমেট: পুরো গোলাপি, ফুল ফেস কভার, ভিতরে থার্মোকলের স্তর। থুতনি সুরক্ষিত, কাচ আঁচড়-প্রতিরোধী ও মাথায় কলকাতা পুলিশের লোগো।
লালবাজার আপাতত ১১০টি পোশাকের বরাত দিয়েছে। খরচ ২ লাখ ৭৫ হাজার টাকা। ৮০টি হেলমেটের জন্য বরাদ্দ ১ লাখ ৮ হাজার টাকা। পুলিশের নির্দেশ, পোশাক হতে হবে হালকা, আরামদায়ক ও শক্তপোক্ত। যে কোনও চেহারার মহিলা যাতে সহজে ডিউটি করতে পারেন।
স্কোয়াডের লক্ষ্য একটাই – বিপদে পড়া নারীদের পাশে সহানুভূতির হাত বাড়ানো, আর অপরাধীদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো।
শক্তি আর সহানুভূতির প্রতীক নিয়ে এবার রাস্তায় ‘দুর্গা’। ত্রিশূল-ত্রিনয়ন বুকে নিয়ে গোলাপি-কমলা ইউনিফর্মে কলকাতার নারী সুরক্ষা আরও জোরদার করতে চায় কলকাতা পুলিশ।
