হাই কোর্টের সবুজ সংকেত, পুরসভায় বৈঠক ডাকতে পারবেন মালা রায়
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় এবার থেকে মাসিক বৈঠক ডাকতে পারবেন। বুধবার কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, পুর আইন মেনেই বৈঠক ডাকার অধিকার রয়েছে চেয়ারপার্সনের। রাজ্যের পালাবদলের পর থেকে পুরসভায় তৈরি হওয়া অচলাবস্থার মধ্যে এই রায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভাতেও শুরু হয় ডামাডোল। মেয়র পারিষদের বৈঠক বাতিল হয়। মাসিক অধিবেশনও স্থগিত রাখার নির্দেশ আসে। এরই মধ্যে চেয়ারপার্সন মালা রায় বৈঠক ডাকলেও অধিবেশন কক্ষের দরজা তালাবন্ধ থাকে বলে অভিযোগ ওঠে। গত ২২ মে তৃণমূল কাউন্সিলররা পুরসভায় গেলেও ঢুকতে পারেননি অধিবেশন কক্ষে। বাধ্য হয়ে বাইরেই সভা করেন মালা রায়। সেদিন মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “পুরসভার কালো দিন। রাজ্য সরকারের কাছে আবেদন, সংঘাত নয়, মানুষের জন্য একসঙ্গে কাজ করুন।”এই ঘটনার পরই আদালতের দ্বারস্থ হন মালা রায়। বুধবার হাই কোর্ট নির্দেশ দেয়, পুর আইন মেনে চেয়ারপার্সন বৈঠক ডাকতে পারবেন। একইসঙ্গে ২২ মে’র বৈঠকের বৈধ রেজোলিউশনের কপি হলফনামা আকারে ৯ জুনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে।এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা পুরসভার সচিব বদল করেছে। একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা ভেঙে যেতে পারে বলেও চর্চা চলছে ওয়াকিবহাল মহলে।
হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেলেন চেয়ারপার্সন মালা রায়। তবে পুরসভাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন কমছে না। আগামী ১৭ জুন এই মামলার পরবর্তী শুনানি। সেদিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। আদালতের নির্দেশের পর মাসিক বৈঠক নিয়মিত হয় কি না, সেটাই এখন দেখার।
