তৃণমূলে বড় সিদ্ধান্ত, রাজ্যের সব কমিটি ভেঙে দিল দল
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য রাজনীতিতে বড় চমক। পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি এবং সবকটি শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বুধবার দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
দলের বিবৃতিতে বলা হয়েছে, “গভীরভাবে বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং সবকটি শাখা সংগঠন অবিলম্বে ভেঙে দেওয়া হল।” অর্থাৎ, মূল সংগঠন থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা-সহ সমস্ত শাখা সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হল।দল আরও জানিয়েছে, “দল প্রতিটি স্তরে আত্মসমালোচনা, কাজের পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নের একটি বিস্তৃত প্রক্রিয়া চালাবে। এই প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতে মূল সংগঠন এবং সমস্ত শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে যথাসময়ে ঘোষণা করা হবে।”পাশাপাশি বিবৃতিতে উল্লেখ, “দল সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও লক্ষ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”প্রসঙ্গত, গত কয়েক মাসে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, একাধিক নেতার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত থেকে লোকসভা ভোটের ফলাফলের পর সংগঠনের খোলনলচে বদলের দাবিও উঠছিল। সেই আবহেই এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এক ধাক্কায় রাজ্যের সব কমিটি ভেঙে দিয়ে কার্যত নতুন করে শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কারা নতুন কমিটিতে জায়গা পাবেন, কাদের বাদ দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের এই পদক্ষেপ ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করার কৌশল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। কবে নতুন কমিটি ঘোষণা হবে, সেদিকেই এখন নজর সবার।
