আজকের দিনেবাংলার আয়নাবিশ্বভারত

Border : মেখলিগঞ্জে কাঁটাতার বসাতে জমি জরিপ, কাজে আপত্তি সীমান্তের ওপার থেকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার তিনবিঘা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি জরিপ শুরু হতেই উত্তেজনা ছড়াল। ভারতের নিজস্ব ভূখণ্ডে নিরাপত্তার স্বার্থে বেড়া দেওয়ার কাজে ওপারের সীমান্তরক্ষীদের আপত্তি ঘিরে প্রশ্ন উঠছে একাধিক।

রাজ্য সরকারের উদ্যোগে সীমান্ত এলাকায় BSF-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অনুযায়ী উত্তরবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের তিনবিঘা এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য শুক্রবার থেকে জমি জরিপের কাজ শুরু করে জেলা প্রশাসন ও BSF।

প্রশাসন সূত্রে খবর, কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই সীমান্তের ওপার থেকে আপত্তি জানানো হয়। অভিযোগ, Border Guard Bangladesh-এর সদস্যরা এসে জরিপের কাজে বাধা দেন এবং হইহল্লা শুরু করেন। তাদের প্রশ্ন, ভারতের জমিতে কেন কাঁটাতার দেওয়া হবে? শুক্রবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

তবে BSF এই বাধাকে কোনও গুরুত্ব দেয়নি। শনিবার সকাল থেকেই ফের জরিপের কাজ শুরু হয়। এদিনও কাজ চলাকালীন ওপার থেকে আপত্তি ওঠে বলে অভিযোগ। কিন্তু সব বাধা উপেক্ষা করেই দিনভর কাজ চালায় BSF ও প্রশাসন। গোটা প্রক্রিয়া সরেজমিনে তদারকি করেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতিমা জেবা।

শুক্রবারের ঘটনার পর শনিবার তিনবিঘায় BSF এবং BGB-র আধিকারিক স্তরে একটি বৈঠক হয়। সূত্রের খবর, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়ে দু’পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে BSF-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ভারতের ভূখণ্ডে নিরাপত্তা সংক্রান্ত কাজে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

এদিন ঘটনাস্থলে যান মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিররাম রায়। তিনি BSF-এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কাঁটাতারের বেড়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। চোরাচালান, অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রুখতে বেড়া দেওয়া জরুরি।

প্রসঙ্গত, তিনবিঘা করিডর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। গোটা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে এই অঞ্চল। তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। শিলিগুড়িতে BSF-এর নতুন হেড কোয়ার্টার এবং ITBP-র বেসক্যাম্প তৈরির পরিকল্পনাও সেই প্রক্রিয়ারই অংশ।

কূটনৈতিক মহলের মতে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে অন্য কোনও দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। অতীতেও সীমান্তে বেড়া দেওয়া নিয়ে ওপার থেকে আপত্তি উঠেছে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, নিজের ভূখণ্ডে বেড়া দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে ভারতের।

তিনবিঘা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতীক। সেখানে কাঁটাতার বসানো জাতীয় নিরাপত্তার প্রশ্ন। শুক্রবার ও শনিবার BSF যেভাবে সব বাধা উপেক্ষা করে নিজেদের অবস্থানে অনড় থেকে জরিপের কাজ শেষ করেছে, তাতে স্পষ্ট বার্তা গেছে—সীমান্ত সুরক্ষায় ভারত একচুলও পিছু হটবে না। আন্তর্জাতিক চাপ বা ওপারের আপত্তি যাই থাকুক, দেশের স্বার্থে কাঁটাতারের বেড়া হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *