Night Bus Service : রাতেও আর ভোগান্তি নয়! আজ থেকে চলবে স্পেশাল নাইট বাস !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রোগী ও তাঁদের পরিজনদের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। আজ ১ আগস্ট থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রুটে রাত ১০টা পর্যন্ত চলবে বাস। মূল লক্ষ্য হাসপাতালে রাতের যাতায়াত সহজ করা।
পরিবহণ নিগম সূত্রে খবর, প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে শত শত রোগী রাতের ট্রেনে হাওড়া-শিয়ালদহে নেমে ভোরের আউটডোরের জন্য হাসপাতালে যান। এতদিন স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত সরাসরি রাতের বাস না থাকায় তাঁদের প্রচুর সমস্যায় পড়তে হত। সেই অভিযোগের ভিত্তিতেই ট্রেনের সময় মিলিয়ে বাসের নতুন সময়সূচি ঠিক করা হয়েছে।
এই নাইট বাস পরিষেবা কভার করবে মেডিক্যাল কলেজ, SSKM, RG Kar, CNCI, NRS, ন্যাশনাল মেডিক্যাল, RN Tagore, Apollo, Tata Medical, Fortis, Medica, Peerless-সহ শহরের সব বড় সরকারি ও বেসরকারি হাসপাতাল।
একইসঙ্গে হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা ও বারাসত থেকে বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস ও কামালগাজির দিকেও রাত ১০টা পর্যন্ত বাস চলবে। ফলে রোগী ছাড়াও রাতের শিফটের ডাক্তার, নার্স, অফিসযাত্রী ও ছাত্র-ছাত্রীরাও সুবিধা পাবেন।
সম্প্রতি মেট্রোর সময়ও ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। বাস-মেট্রো মিলিয়ে রাতের শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করাই সরকারের উদ্দেশ্য।
পরিবহন দপ্তরের এই উদ্যোগে হাসপাতালগামী সাধারণ মানুষের খরচ ও সময় দুই-ই বাঁচবে। রাতের কলকাতাকে আরও নাগরিকবান্ধব করে তোলার দিকেই আরও এক ধাপ এগোল রাজ্য।
