Bankura : তোলাবাজির অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলারের স্বামী, আত্মসমর্পণের পর জেল হেফাজত !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: – ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা দাপুটে তৃণমূল নেতা বাপি চক্রবর্তী। রবিবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় ধৃতকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে কেন্দুয়াডিহি এলাকায় নিজের জমিতে দোকান নির্মাণ শুরু করেন রঙ ব্যবসায়ী প্রভাত রঞ্জন গুপ্ত। অভিযোগ, তৃণমূল নেতা বাপি চক্রবর্তী ক্ষমতা দেখিয়ে প্রথমে সেই নির্মাণকাজ আটকে দেন। পরে ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেন।
অভিযোগপত্রে প্রভাত রঞ্জন গুপ্ত জানান, শাসক দলের প্রভাবশালী নেতার ভয়ে বাধ্য হয়ে নগদে ২ লক্ষ টাকা দেন তিনি। ভয়ে তখন পুলিশে অভিযোগও করতে পারেননি। গত ২০ মে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। খোঁজ চলছিল বাপি চক্রবর্তীর। শনিবার গভীর রাতে বাঁকুড়া সদর থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬/২ ধারায় কাজে বাধা দেওয়া, ৩০৮/৫ ধারায় তোলাবাজি ও ৩৫১/২ ধারায় ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
বাঁকুড়ায় তৃণমূল কাউন্সিলারের স্বামীর গ্রেফতারি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চাঞ্চল্য ফেলেছে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন স্থানীয়রা। আদালতের নির্দেশের পরেই পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
