Darkness Of Drugs : মাদকের অন্ধকার থেকে আলোয় ফেরা, হানি সিংহের পাশে ছিলেন দুই সুপারস্টার !
কিউ ইন্ডিয়া বাংলা :- জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় নিয়ে কখনও রাখঢাক করেননি হানি সিংহ। মাদকাসক্তি আর বাইপোলার ডিসঅর্ডারে এক সময় মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। মাথার চুল উঠে গিয়ে পরতে হত পরচুলা। সেই দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফেরান শাহরুখ খান ও অক্ষয় কুমার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াইয়ের কথা বলেছেন হানি। জানিয়েছেন, চূড়ান্ত মাদকাসক্তির সঙ্গে বাইপোলার ডিসঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন। তার জেরে মাথার সমস্ত চুল উঠে যায়। পরচুলা ছাড়া বাইরে বেরোতে পারতেন না।
হানি বলেন, “সেই সময় নিজের ভাবনাচিন্তার ওপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। হাঁটাচলা, কথা বলার ধরন পাল্টে গিয়েছিল। ভীষণ একা লাগত। অনেক অপমানও সহ্য করেছি। ধীরে ধীরে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছিল।”
তবে সেই অন্ধকারে আলো হয়ে এসেছিলেন অক্ষয় কুমার আর শাহরুখ খান। হানি জানান, দুই সুপারস্টারই বারবার তাঁকে সতর্ক করেছেন। বুঝিয়েছেন মাদক ছাড়তে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য সাহস জুগিয়েছেন।
“ওঁরা পাশে না দাঁড়ালে হয়তো ফিরতে পারতাম না,” বলেছেন হানি। তিনি স্পষ্ট করেছেন, খ্যাতির চাপে নয়, নিজের কিছু ভাবনাচিন্তার বিচ্যুতির জন্যই ওই অবস্থা হয়েছিল।
সেই অধ্যায় পেরিয়ে এখন পুরোদমে কাজে ফিরেছেন হানি সিংহ। নতুন গান, স্টেজ শো নিয়ে ব্যস্ত তিনি। তবে অতীতকে ভোলেননি। ভোলেননি দুঃসময়ের বন্ধুদেরও। নিজের লড়াইয়ের গল্প বলে এখন অন্যদেরও সাহস জোগাচ্ছেন হানি।
