আজকের দিনেখেলা

দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি রাজস্থান-গুজরাট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। আজ আইপিএল ২০২৬-এর দ্বিতীয় কোয়ালিফায়ার। মুখোমুখি গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। মুল্লানপুরে হবে মহারণ। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে পৌঁছে যাবে। সেখানে অপেক্ষা করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর কাছে হারলেও গুজরাট টাইটান্স পিছু হটতে রাজি নয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য শুভমন গিলদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ওপেনিং ব্যাটারদের পাশাপাশি মিডল অর্ডারে জস বাটলারের দিকেই তাকিয়ে থাকবে গুজরাট শিবির। এছাড়া রাহুল তেওয়াটিয়া ও ওয়াশিংটন সুন্দরের ওপরেও নজর থাকবে। দলের টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি কলাপ্স করে, তাহলে এই দুজনকেই রুখে দাঁড়াতে হবে। গুজরাটের বোলিং এবার বড় ফ্যাক্টর হতে পারে। মোহাম্মদ সিরাজ ও জেসন হোল্ডার রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। বিশেষ করে এই ধরনের বড় ম্যাচে সিরাজের অভিজ্ঞতা কাজে লাগবে। কাগিসো রাবাডাকে সঙ্গে নিয়ে এই পেস অ্যাটাকই গুজরাটের অন্যতম শক্তি।

লিগ স্টেজের শেষ ম্যাচে মুম্বাইকে দুর্দান্ত ভাবে হারিয়ে প্লে-অফে প্রবেশ করেছে রাজস্থান রয়্যালস। এলিমিনেটরে তারা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। আজ মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের। দলের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীই ব্যাটিংয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি। এছাড়া ধ্রুব জুরেলও গুরুত্বপূর্ণ হতে পারেন এই ম্যাচে। তিনিও দলের অন্যতম প্রধান ভরসা। অধিনায়ক রিয়ান পরাগের ব্যাটে সেভাবে রান নেই। এই ম্যাচে অধিনায়ককেও তার সহজাত ফর্মে ফিরতে হবে, কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো মঞ্চে তার অভিজ্ঞতা দলের জন্য বড় ভরসা হতে পারে। শেষের দিকে ডোনোভান ফেরেইরা ও রবীন্দ্র জাদেজা ফিনিশারের ভূমিকায় বড় শট খেলে ম্যাচের মোড় ঘোরাতে পারেন। রাজস্থানের বোলিং বিভাগ এবার ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। পেস অ্যাটাকে জোফ্রা আর্চার এর গতি আর বাউন্স গুজরাটের টপ অর্ডারের জন্য বড় পরীক্ষা হবে। ডেথ ওভারে তার ইয়র্কার আর স্লোয়ার বল রান আটকানোর প্রধান অস্ত্র। এছাড়া ব্রিজেশ শর্মা মিডল ওভারে ব্রেকথ্রু এনে দিতে পারেন। তার ভ্যারিয়েশন গুজরাটের মিডল অর্ডারকে সমস্যায় ফেলবে। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতা এই বড় ম্যাচে তুরুপের তাস। বল হাতে তিনি রানের গতি কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। মুল্লানপুরের উইকেটে তার অ্যাকুরেসি আর ফিল্ডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে আরচার, ব্রিজেশ ও জাদেজা – এই তিন বোলারের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে রাজস্থানের ফাইনালের রাস্তা।

গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস – দুই দলই মরিয়া ফাইনালের টিকিট নিশ্চিত করতে। একদিকে শুভমন গিলের গুজরাটের শক্তিশালী টপ অর্ডার ও সিরাজ-রাবাডার পেস আক্রমণ, অন্যদিকে রাজস্থানের জয়সওয়াল-সূর্যবংশীর আগ্রাসী ওপেনিং ও আরচার-জাদেজার অভিজ্ঞ বোলিং। মুল্লানপুরের উইকেটে টস এবং পাওয়ারপ্লে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে দল চাপের মুহূর্তে নার্ভ ধরে রেখে পারফর্ম করবে, ফাইনালের দরজা তাদের জন্যই খুলবে। মিডল অর্ডারের ব্যর্থতা ঢাকতে তেওয়াটিয়া-সুন্দর বনাম পরাগ-ফেরেইরার লড়াইও দেখার মতো হবে। সব মিলিয়ে একটা হাই-ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা, যেখানে ছোট ছোট মুহূর্তই বড় পার্থক্য গড়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *