আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Asit Majumdar : একুশের সভার আগেই আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, চাঞ্চল্য হুগলিতে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- একুশে জুলাই শহীদ স্মরণ কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় যাওয়ার আগেই পুলিশের হাতে আটক হলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক ও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত মজুমদার। বুধবার সকালে চুঁচুড়ায় নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে চুঁচুড়া থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অসিত মজুমদার। কর্মী-সমর্থকদের নিয়ে বাসে ওঠার আগের মুহূর্তে চুঁচুড়া থানার পুলিশ এসে তাঁকে আটক করে। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের তরফে এখনও পর্যন্ত আটকের নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, “একুশের কর্মসূচি ভণ্ডুল করতেই” এই পদক্ষেপ।

প্রসঙ্গত, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ায় পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি হয়েছিল। সেই আন্দোলনের পরদিনই ৩১ মে অসিত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। প্রায় ১৯ দিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

জেল থেকে ছাড়া পাওয়ার পরই দল তাঁকে হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির গুরুদায়িত্ব দেয়। এরপর থেকে তিনি এলাকায় দলীয় সংগঠন মজবুত করা থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের প্রচারে সক্রিয় ছিলেন।

আজ আবার একুশের দিনেই আটক হওয়ায় জেলা জুড়ে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতারা থানার সামনে জমায়েত করে দ্রুত মুক্তির দাবি জানান। যদিও বিজেপির পাল্টা দাবি, “আইন আইনের পথে চলছে। দল করলেই কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

একদিকে ধর্মতলায় মানুষের সমাগম, অন্যদিকে জেলার এক গুরুত্বপূর্ণ নেতাকে কর্মসূচির দিনেই আটক। এই ঘটনায় হুগলির রাজনৈতিক পারদ আরও চড়েছে। পুলিশ কী কারণে আটক করেছে এবং কখন ছাড়া হবে, সেদিকেই এখন সবার নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *