Trinamool Bhavan : ফের ধাক্কা মমতার, তৃণমূল ভবন ছাড়ার নোটিস: থানায় ডায়েরি বাড়ি মালিকের !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ভোটে ভরাডুবির পর এবার অস্থায়ী তৃণমূল ভবন নিয়েও বিপাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইএম বাইপাসের ধারের বাড়ি ফেরত চেয়ে প্রগতি ময়দান থানায় ডায়েরি করলেন মালিকপক্ষ। অভিযোগ, জুলাইয়ে ছাড়ার আশ্বাস দিলেও এখন কোনও নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
বাইপাসের ধারে এই বাড়িটিই গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। করোনার সময় বন্ধ হয়ে যাওয়া হোটেলটি ২০২২ সালে এক বছরের জন্য ভাড়া নেয় তৃণমূল। চুক্তি ছিল নতুন ভবন হলেই ছেড়ে দেওয়া হবে। পরে মেয়াদ বাড়ে ২০২৫ পর্যন্ত। দেড় বছর পেরোলেও বাড়ি ফেরত পাননি বাড়ির মালিক মডার্ন ডেকরেটার্সের মন্টু সাহা।
মালিকের ছেলে অমিত সাহার দাবি, ভোটের ফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় জুলাইয়ে বাড়ি খালি করার আশ্বাস দেন। কিন্তু গত ১৫ দিন ধরে কোনও শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন ধরছেন না কেউ। রবিবার গিয়ে দেখেন ভবনের অবস্থা খারাপ, ভোটের পর থেকে কেউ আসেননি।
অমিত সাহা জানান, “কোনও রাজনীতির সঙ্গে নেই। আমাদের শুধু একটাই আর্জি, ভবনটা ছেড়ে দেওয়া হোক।” বাধ্য হয়ে প্রগতি ময়দান থানায় ডায়েরি করেছেন তারা।
ভোটে হেরে রাজপাট হারানো, পরিষদীয় দলে রাশ আলগা হওয়া, সাংসদদের বিদ্রোহের পর এবার দলীয় অফিস নিয়েও অস্বস্তিতে তৃণমূল। মালিকপক্ষের থানায় যাওয়ায় প্রশ্ন উঠছে, ঘরছাড়া হতে হবে কি ঘাসফুলকে? এখন দেখার পুলিশ কী ব্যবস্থা নেয়।
