আর্টিস্ট ফোরামের গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা, বিস্ফোরক ভাস্বর
কিউ ইন্ডিয়া বাংলা:- বাংলায় রাজ্য রাজনীতির পালা বদল হয়েছে। ক্ষমতায় বিজেপি সরকার। একের পর এক দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধেই মুখ খুলেছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। দল ছাড়ারও হিড়িক চলেছে। টলিউডকে হাতের মুঠোর মধ্যে করে রেখেছিল ‘বিশ্বাস ব্রাদার্স’। যাঁদের একের পর এক কুকীর্তি সামনে আসছে। টলিপাড়ায় হিটলারি শাসন চালিয়ে এলেন এই দুই ভাই। চারদিকে শুধুই ধিক্কার। সামনে এসেছে ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের ‘স্বরূপ’। দীর্ঘদিনের অরাজকতার বিস্ফোরণ ঘটেছে, ক্ষোভে ফেটে পড়েছে টলিপাড়া। মুখ খুলছেন অভিনেতা-অভিনেত্রী, মেকআপ আর্টিস্ট থেকে টেকশিয়ানরা। টেকশিয়ান থেকে কলা-কুশলীদের হাতের পুতুলের মতো ব্যবহার করতেন এই স্বরূপ। উঠতি অভিনেতা-অভিনেত্রীদের জুটত আর মানসিক নির্যাতন। বর্তমানে কিছুটা হলেও হাফ ছেড়ে বেঁচেছে টলিপাড়া। এবার আর্টিস্ট ফোরামকে নিয়ে বোমা ফাটালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অভিনেতার অভিযোগ, লিখিতভাবে কোনও অভিযোগ ফোরামে জমা দেওয়া হলে বা মেল করলে সেটা নাকি গায়েব হয়ে যেত! এমনটাই বিস্ফোরক অভিযোগ অভিনেতার।
আর্টিস্ট ফোরামের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভাস্বর। অভিনেতার কথায় ‘একটা বিস্ময়কর তথ্য পেলাম। তিন চার বছর আগে একটা কাজের টাকা পাওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল বলে আর্টিস্ট ফোরামকে মেল করেছিলাম। কিন্তু, কেউ কোনও উত্তর দেননি। অনেকদিন অপেক্ষা করে তারপর নিজেরাই উদ্যোগ নিয়ে টাকা আদায় করি।’ অভিনেতা তাঁর পোস্টে আরও জানান, বর্তমান ফোরামের নতুন কমিটির একজনকে বললাম। তিনি জানান, পুরোনো কমিটি যখন ছিল তখন আর্টিস্টদের মেল দু-একজনকে ফরওয়ার্ড করা হত। তাঁদের মধ্যে একজন এই মেলগুলো পাত্তা দিতেন না, নাহলে হাপিস করে দিতেন। রেজাল্ট বেরনোর পর ফোরাম ভেঙে দেওয়ার কথা যিনি বলেছিলেন ওই কাজগুলো উনিই করতেন। শুধু আমার নয়, শুনলাম স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেলও এভাবে হারিয়ে গিয়েছে। তবে বর্তমান কমিটি অনেক শক্তিশালী। এসব অরাজকতা আর হতে দেবে না।’ ভাস্বরের এই পোস্টকে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। অভিনেত্রী বলেছেন, ঠিক শুনেছিস। অভিনেতা মৈনাকের খোঁচা, বিশ্ববিখ্যাত অভিনেতা বলেছিল ফোরাম ভেঙে দেবে সে কি এখনও নীলবাতি গাড়িতে ঘোরে?’
