Bhangar-Muder : পুরানো রাগের বলি! ভাঙ্গরে চাচাতো ভাইয়ের হাতে খুন ভাই, থানায় আত্মসমর্পণ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে আবারও রক্তাক্ত ঘটনা। মাধবপুর থানার বেলিয়াডাঙ্গা এলাকায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন আতাবউদ্দিন মোল্লা (৪৩)। অভিযোগ উঠেছে তাঁরই চাচাতো ভাই গোলাম সারোয়ারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফিরছিলেন আতাবউদ্দিন। সেই সময় রাস্তায় তাঁকে আটক করে এলোপাতাড়ি কোপাতে থাকে গোলাম সারোয়ার। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান আতাবউদ্দিন। স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ভাই সুরাউদ্দিন মোল্লার অভিযোগ, “আমার দাদা নির্দোষ। ওকে খুন করেছে আপন চাচাতো ভাই গোলাম।” পরিবারের দাবি, বহু বছর আগে গোলাম আতাবউদ্দিনের স্ত্রীকে শ্লীলতাহানি করেছিল। তখন আতাবউদ্দিন বাধা দিয়েছিল। সেই পুরনো রাগ থেকেই এই খুন।
ঘটনার খবর পেয়ে নলমুড়ি হাসপাতালে আসেন ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ পর্যবেক্ষক সাহাবুদ্দিন সিরাজী। তিনি দাবি করেন, নিহত আতাবউদ্দিন আইএসএফ সমর্থক এবং অভিযুক্ত গোলাম সারোয়ার বিজেপি সমর্থক। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন।
ঘটনার পর অভিযুক্ত গোলাম সারোয়ার মাধবপুর থানায় আত্মসমর্পণ করে। কী কারণে এই খুন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে মাধবপুর থানার পুলিশ।
পারিবারিক শত্রুতা ও রাজনৈতিক উত্তেজনার মাঝে ভাঙ্গড়ে ফের খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং খুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।
