ASSAM FLOOD: পাঁচ দশকের সবচেয়ে বড় বিপর্যয়! একদিনে মৃত ২১, বানভাসি অসম
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রকৃতির রোষে বিপর্যস্ত অসম। নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে গত ৫০ বছরের রেকর্ড ভেঙে বন্যা পূর্ব ও মধ্য অসমে। মঙ্গলবার একদিনেই ২১ জনের দেহ উদ্ধার হয়েছে (ASSAM FLOOD) । ১৬ জেলায় সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ জলবন্দি। ঘরবাড়ি, রাস্তাঘাট সব জলের তলায়।
অসম দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ অবস্থা শিবসাগর, জোরহাট, চরাইদেও ও কার্বি আংলং জেলায়। ব্রহ্মপুত্রের দুটি শাখা দিখৌ ও দেশংয়ের জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি হয়ে পড়েছে (ASSAM FLOOD)। আমগুড়ি, টিওক, তিতাবড়ের মতো ছোট শহরগুলো, যেগুলো আগে কখনও বন্যা দেখেনি, সেখানেও এখন হাঁটু থেকে কোমর জল। প্রশাসন সূত্রে খবর, শুধু মঙ্গলবারই বানভাসি এলাকা থেকে ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা কয়েক লক্ষ। রাস্তাঘাট জলমগ্ন ও ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বড় বাধা তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা, SDRF ও NDRF। এখনও পর্যন্ত ৫০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তবে এখনও বহু মানুষ জলবন্দি রয়েছেন। হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে দুর্গত এলাকায় খাবার ও ত্রাণ পাঠানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পরিস্থিতিকে ‘অভাবনীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, গত ৫০ বছরেও জলস্তর এতটা উপরে ওঠেনি।
পাঁচ দশকের রেকর্ড ভাঙা বন্যায় কার্যত থমকে গেছে অসমের জনজীবন। উদ্ধার ও ত্রাণ কাজ চললেও জল না নামা পর্যন্ত দুর্দশা কাটবে না বলেই আশঙ্কা। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সাহায্যের দিকেই তাকিয়ে এখন বানভাসি অসম।
