পাঞ্জাব এফসির বিপক্ষে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের
কিউ ইন্ডিয়া বাংলা:-বর্তমানে ইস্টবেঙ্গলের কাছে প্রতিটা ম্যাচ কার্যত ফাইনাল । এই পরিস্থিতিতে পাঞ্জাব এফসির বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলো লাল হলুদ শিবির। ছন্নছাড়া ফুটবল খেলে চ্যাম্পিয়নশিপ এর পথে নতুন বাঁধা সৃষ্টি হলো অস্কারের দলের সামনে।
পাঞ্জাবের বিপক্ষে কয়েকটি পরিবর্তন করেন কোচ অস্কার ব্রুজো। দলের প্রথম একাদশে ফেরেন মিগুয়েল, এজেজ্জারি, রাকিপ এবং লালচুংনুঙ্গা। তিন রক্ষণের স্ট্র্যাটেজি ভেঙে এদিন ব্যাক ফোরে ফেরেন। কিন্তু লাল হলুদের ডেরায় ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য ছিল পাঞ্জাবের। মুহুর্মুহু আক্রমণে বেশ কয়েকবার বিপাকে পড়ে যায় ইস্টবেঙ্গলের রক্ষণ। যার ইঙ্গিত পাওয়া যায় খেলার শুরুতেই। ম্যাচের ২২ মিনিটে প্রথম পরিবর্তন লাল হলুদের। শৌভিকের জায়গায় নামান জিকসনকে। হলুদ কার্ড দেখায় কোনও ঝুঁকি নিতে চাননি অস্কার। ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। সামনে একা পাঞ্জাবের গোলকিপারকে পেয়েও বল গোলে ঠেলতে পারেননি বিপিন। ম্যাচের ৩৯ মিনিটে আনোয়ারের দূরপাল্লার শট সরাসরি তালুবন্দি করেন পাঞ্জাবের গোলকিপার। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গল ম্যাচের শেষ ১০-১২ মিনিট পঞ্জাবকে চেপে ধরলেও লাভ হয়নি। মিগুয়েল এবং রশিদের শট বারে লেগে ফিরে আসে। দু’টিই ছিল বক্সের বাইরে থেকে নেওয়া শট।
এদিনের ড্রয়ের ফলে খেতাবি দৌড়ে কিছুটা ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ইন্টার কাশীর বিপক্ষে পরের ম্যাচে মোহনবাগান জিতলেই ২ পয়েন্ট এগিয়ে যাবে ইস্টবেঙ্গলের থেকে। ড্র করার পর দলের প্রাক্তনীদের নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কারের মন্তব্য কোনো প্রভাব পড়ল কি না তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
