আজকের দিনেবাংলার আয়না

BHARATPUR: বিজেপি প্রার্থীর সঙ্গে পরকীয়ার অভিযোগ! স্বামীর বিরুদ্ধে মারধরের নালিশ, বিচার চেয়ে শুভেন্দু-শমীকের দ্বারস্থ গৃহবধূ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের ভরতপুরে তোলপাড় (BHARATPUR)। বিজেপি প্রার্থীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে মারধর ও বেআইনি বিয়ের অভিযোগ আনলেন এক কংগ্রেস কর্মীর স্ত্রী। সুবিচারের আশায় সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে আবেদন করেছেন তিনি।

অভিযোগকারীর নাম পূর্ণিমা দাস। তাঁর স্বামী উদ্দীপন দাস । ভরতপুরে কংগ্রেস প্রার্থী মহম্মদ আজাহারউদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন এবং পেশায় তালগ্রাম স্কুলের শিক্ষক। ১০-১১ বছরের দাম্পত্য জীবনে রয়েছে দুটি ছোট ছেলেমেয়ে।

পূর্ণিমার অভিযোগ, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্বামী। প্রতিবাদ করায় তাঁকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
তাঁর আরও দাবি, গত ২৭ জুলাই স্বামী উদ্দীপন দাস বিজেপি নেত্রী অনামিকা ঘোষকে বেআইনিভাবে বিয়ে করেছেন।

পূর্ণিমা জানান, বিভিন্ন জায়গায় বিচার চেয়ে সাড়া না পেয়ে শেষমেশ সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি বলেন, “সমস্ত জায়গায় বিচারের দাবিতে আবেদন করেও বিচার মেলেনি। শেষ আশা নিয়ে তাই সমাজমাধ্যমে এই ভিডিও পোস্ট।” (BHARATPUR)

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই গাড়ি কেনা নিয়ে অনামিকা ঘোষকে ঘিরে বিতর্ক তৈরি হয়। স্থানীয়দের দাবি, ৪ দিন আগেও একটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছে।

যদিও এই বিষয়ে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ বা অভিযুক্ত উদ্দীপন দাসের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *